প্রতিবেদক: বুলবুল আহমেদ
চট্টগ্রামের খুলশীতে ১৬ বছরের কিশোর মো. হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জনসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। গত বুধবার রাতে মামলাটি দায়ের করা হলেও শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেন।
এদিকে হৃদয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া তিন কিশোর আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম তাদের এই জবানবন্দি রেকর্ড করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বয়স ১৬ বছর এবং অপর দুজনের বয়স ১৭ বছর। তাদের মধ্যে একজন স্কুলছাত্র এবং দুজন বাসের হেলপার হিসেবে কাজ করে। পূর্ব শত্রুতা ও বিরোধের জের ধরেই তারা ছুরি ও কিরিচ দিয়ে কুপিয়ে হৃদয়কে হত্যা করেছে বলে আদালতে স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাদের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস ৪ নম্বর লেনের শেষ মাথায় তালতলা এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামক দুটি সক্রিয় কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষ ‘৭জি’ গ্রুপের সদস্যরা ওপর্যুপরি ছুরিকাঘাত করে ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ও ‘৫জি’ গ্রুপের সদস্য কিশোর হৃদয়কে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই এলাকায় সক্রিয় ‘৭জি’ কিশোর গ্যাংটির নেপথ্যে মদদ ও নেতৃত্ব দিচ্ছেন নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ও তার ছোট ভাই নগর ছাত্রদল নেতা রকি হোসেন পিচ্চি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামীদের গ্রেফতারে ও ঘটনার পেছনের মূল কুশীলবদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |