| বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, আহত দুই শতাধিক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 42463 বার পঠিত
সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, আহত দুই শতাধিক
ছবির ক্যাপশন: সাভার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তেজনা, আহত দুই শতাধিক

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। শিল্প পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি বিবেচনায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিন একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, পতিত সরকারের দোসররা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করে আন্দোলনের চেষ্টা করছে। বহিরাগতরা শ্রমিকদের কর্মসূচিতে যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করছে বলে তিনি অভিযোগ করেন।

একই ধরনের অভিযোগ করেছে সাভার শিল্প পুলিশ। তাদের দাবি, বহিরাগতরা শ্রমিকদের কারখানা বন্ধ করে মহাসড়কে চলে আসতে বাধ্য করছে। এতে শান্তিপ্রিয় শ্রমিকরাও কারখানা ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন।

সোমবার দুপুরের পর হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাদের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। শিল্পাঞ্চলে ভাঙচুর ও অস্থিরতার প্রতিবাদে তারা মহাসড়কে সমাবেশ করেন। এ সময় ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিভিন্ন স্থানে ভাঙচুরের চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, সাভারের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। কিছু জায়গায় বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিকেলে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি মুস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা সাধারণ শ্রমিক নয়। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিআইজি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে বহিরাগতদের বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় শ্রমিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় আশুলিয়া-বাইপাইল এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিরা শ্রমিক নাকি বহিরাগত, তা এখনো যাচাই-বাছাই করা হয়নি।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency