প্রতিবেদক: বুলবুল আহমেদ
সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া, শরীরচর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নরসিংদীর রায়পুরায় জমজমাট এক ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও অ্যাথলেটদের অংশগ্রহণে পুরো রায়পুরা উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ভোর ৪টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এরপর ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়। প্রতিযোগীরা উপজেলা পরিষদ চত্বর থেকে যাত্রা শুরু করে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত গিয়ে পুনরায় একই রুট দিয়ে শুরুর স্থানে ফিরে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারাথনের প্রধান স্পনসর ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এবং রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশাল এই আয়োজনে প্রতিযোগীদের সর্বোচ্চ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে যান চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হয়। প্রায় ২০০ নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করেন।
ঢাকা থেকে ম্যারাথনে অংশ নিতে আসা প্রতিযোগী সুবাহা মাহাদি সিদ্দিকী বলেন, “মায়ের অনুপ্রেরণায় আমি দৌড় শুরু করি। রায়পুরার চমৎকার মেঠোপথে আয়োজিত এই ম্যারাথন আমার কাছে বিশেষভাবে উপভোগ্য লেগেছে।” অন্যদিকে, সত্তরোর্ধ্ব বয়সেও দীর্ঘ ৪২ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে চমক সৃষ্টি করা মো. কবির উদ্দিন বলেন, “রায়পুরার সুদৃশ্য দৌড়পথ ও এখানকার প্রাকৃতিক পরিবেশ আমাকে ভীষণ মুগ্ধ করেছে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় এসে এই আয়োজনে অংশ নেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও বেশি দৌড়বিদকে নিয়ে এ ধরনের ম্যারাথনের আয়োজন করা।”
উপজেলা প্রশাসন ও ‘রায়পুরা রানার্স কমিউনিটি’র যৌথ উদ্যোগে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইউএনও ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাসুদ রানা সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও সমন্বয়ক সবুজ শিকদার বলেন, “তরুণ সমাজকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা, একটি মাদকমুক্ত সমাজ গঠন করা, রায়পুরাকে দেশ ও দেশের বাইরে ইতিবাচকভাবে তুলে ধরা এবং জনমনে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। সবার অকৃত্রিম সহযোগিতায় আমরা সফল হয়েছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।”
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |