নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২৬
ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব, আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দ্রুত চালুর জন্য সরাসরি ক্রয় প্রক্রিয়া সড়কমন্ত্রী বলেন, সাধারণ প্রকল্পের মাধ্যমে বাস কিনতে গেলে অনুমোদন ও টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লেগে যায়। কিন্তু দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরকার সরাসরি ক্রয় প্রক্রিয়ায় (Direct Procurement) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস এখন সময়ের দাবি। এছাড়া ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনায়ও এসব বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন নারী বাস সার্ভিস ও রুটসমূহ অনুষ্ঠানে বিআরটিসির উদ্যোগে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩টি রুটে ১৪টি নতুন বাস চালুর কথা জানানো হয়। এর মধ্যে—
ঢাকা: ১০টি রুটে ১০টি নতুন বাস চলাচল করবে।
চট্টগ্রাম: দুটি রুটে দুটি বাস।
বগুড়া: দুটি রুটে দুটি দ্বিতল বাস।
পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এসব রুটের পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলে জানান মন্ত্রী।
নারী যাত্রীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব নারীদের যাতায়াত নিরাপত্তা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীদের শুধু বাসে ওঠার পর নয়, বরং বাস স্টপেজে অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাসে ওঠা-নামার সময় হয়রানি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হওয়ায় রাষ্ট্র বিনির্মাণ ও অর্থনীতিতে তাদের অবদান রাখতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব।
নারীদের জন্য চালু করা এই বাসসেবা যাতে অতীতে নেওয়া বিভিন্ন উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, আজকের এই সেবা যেন দুই মাস পর আরও উন্নত হয় এবং প্রতিদিনের ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে তা টেকসই করা যায়।
বিআরটিসির বর্তমান অবস্থা ও উদ্বোধনী অনুষ্ঠান বিআরটিসির সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রী বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০-র কাছাকাছি। বর্তমানে বিআরটিসি কোনো লোকসানে নেই, বরং ‘ব্রেক-ইভেন’ বা সমান অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, অপারেশন এবং সেবার মানে আরও পরিবর্তন ও গতিশীলতা আনা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |