| বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 17312 বার পঠিত
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ছবির ক্যাপশন: বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ভারতের পেট্রাপোল সীমান্তে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে গুঞ্জন ছড়িয়েছে বলে অভিযোগ করেছে বিজিবি। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২২ নভেম্বর) সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে এ কর্মসূচি শুরু হয়। এতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন।

গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রাপোলের সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন।

সমাবেশে স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলে মন্তব্য করেন অশোক কীর্তনীয়া।

এদিকে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

বিজিবি কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক ও চেকপোস্টসহ সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে গুঞ্জন ছড়ানো হয়েছে, যাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির কেউ যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency