শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম লিভার বা যকৃৎ। রক্ত থেকে ক্ষতিকর উপাদান অপসারণ, খাবার হজমে সহায়তা এবং শরীরের বিপাকীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি। তাই লিভার সুস্থ রাখতে বিশেষ কোনো ডিটক্স পানীয়ের ওপর নির্ভর না করে প্রতিদিনের খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন খাবার, পানীয় ও শরীরচর্চার ভূমিকা তুলে ধরেছেন। তার মতে, লিভার পরিষ্কারের নামে বাজারে প্রচলিত বিভিন্ন ডিটক্স পণ্যের পরিবর্তে বৈজ্ঞানিকভাবে সমর্থিত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই বেশি জরুরি।
অনেকের ধারণা, বিশেষ ধরনের চা কিংবা ডিটক্স পানীয় পান করলে লিভারের জমে থাকা বিষাক্ত পদার্থ দূর হয়। তবে চিকিৎসক সৌরভ শেঠির মতে, এ ধরনের দাবির পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।
তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে ডিটক্স চা ও লিভার পরিষ্কারের পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার বক্তব্য, শরীরের নিজস্ব ডিটক্স ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশই হলো লিভার। তাই আলাদা করে লিভার পরিষ্কারের পানীয় গ্রহণের প্রয়োজন নেই।
লিভারের স্বাস্থ্যের জন্য ব্ল্যাক কফিকে ইতিবাচকভাবে দেখেছেন এই চিকিৎসক। তিনি এটিকে ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন।
তার মতে, নিয়মিত কফি পান করার সঙ্গে লিভারের ফাইব্রোসিস বা টিস্যুতে ক্ষত তৈরি এবং লিভার ক্যানসারের ঝুঁকি কম থাকার সম্পর্ক বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে। তবে কফি পান করলেই লিভারের রোগ প্রতিরোধ হবে, এমন নিশ্চয়তা নেই।
লিভারে অতিরিক্ত চর্বি জমার সমস্যা নিয়ন্ত্রণে ওজন তোলার ব্যায়ামসহ শক্তিবর্ধক শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসক সৌরভ শেঠি।
এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমার পরিমাণ কমাতে সহায়তা করতে পারে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির শক্তি ও পরিমাণ বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
লিভার ও সামগ্রিক শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত প্রোটিন এবং আঁশযুক্ত খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
তার সুপারিশ অনুযায়ী:
আঁশযুক্ত খাবার রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতেও ভূমিকা রাখে।
স্থূলতা ও ফ্যাটি লিভারের চিকিৎসায় ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন সৌরভ শেঠি।
তার মতে, এসব ওষুধ উল্লেখযোগ্য পরিমাণ ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ গ্রহণ করা উচিত নয়।
অন্যদিকে, ফ্যাটি লিভার সারাতে অশ্বগন্ধা সাপ্লিমেন্ট ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার মতে, এ ধরনের সাপ্লিমেন্টের কার্যকারিতার পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং বিরল ক্ষেত্রে অশ্বগন্ধা ব্যবহারের সঙ্গে লিভারের ক্ষতির ঘটনাও পাওয়া গেছে।
শুধু লিভার নয়, হজমপ্রক্রিয়া ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার বিষয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
১. টয়লেটে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার নয়
টয়লেটে বসে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করলে অপ্রয়োজনীয়ভাবে বসে থাকার সময় বেড়ে যায়। এতে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করাও এ সমস্যা বাড়াতে পারে।
২. আঁশযুক্ত খাবার বাদ দেবেন না
মটরশুঁটি, শিম ও ডালজাতীয় খাবারে প্রচুর আঁশ থাকে। এসব খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। পাশাপাশি ডালজাতীয় খাবার কোলন ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গেও সম্পর্কিত।
৩. কোষ্ঠকাঠিন্যের লক্ষণ বুঝুন
প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক, তা নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতি কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।
৪. ব্যথানাশক ওষুধ ব্যবহারে সতর্ক থাকুন
আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করলে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। তাই এসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।
লিভার ভালো রাখতে কোনো বিশেষ ডিটক্স পানীয়ের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত আঁশ ও প্রোটিন নিশ্চিত করা, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাই গুরুত্বপূর্ণ।
একইভাবে অন্ত্রের সুস্থতার জন্য আঁশযুক্ত খাবার খাওয়া, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ এড়িয়ে চলা এবং ব্যথানাশক ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করা প্রয়োজন। দীর্ঘমেয়াদে এসব অভ্যাসই লিভার ও হজমতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |