পতিত সরকার দেশের অর্থনীতিকে চরম সংকটের মধ্যে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর ভাষ্য, দুর্বল অর্থনীতি, নিম্ন রাজস্ব আহরণ এবং বিপুল ঋণের চাপ নিয়েই বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাত, ঋণ, রাজস্ব আদায়, বিনিয়োগ এবং সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপদেষ্টা।
ড. তিতুমীর বলেন, ‘আমরা এমন একটা অর্থনীতি পেয়েছি, যেটিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই এটা হয়েছে। ব্যাংক খাতকে উদ্ধারের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অর্থাৎ, একটা অর্থনীতিকে আইসিইউতে রেখে তারা পালিয়ে গেছে।’
উপদেষ্টার মতে, দেশের অর্থনীতির সামনে বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর একটি হলো অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের দুর্বলতা, অন্যটি ক্রমবর্ধমান ঋণের বোঝা।
বর্তমানে জিডিপির তুলনায় দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের হার ৬ দশমিক ৬৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বনিম্ন পর্যায়ের এবং আন্তর্জাতিক বিবেচনায়ও বেশ নিচে।
এই অবস্থার পরিবর্তনে ২০৩০ সালের মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব আহরণ ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
ড. তিতুমীর বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোও জানে, সরকার নিজস্ব রাজনৈতিক উদ্যোগে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।
দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, ২০০৯ সাল থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ।
তিনি ঋণকে তিনটি শ্রেণিতে ভাগ করে ব্যাখ্যা করেন। এগুলো হলো সরকারি ঋণ, সরকারের নিশ্চয়তায় নেওয়া ঋণ এবং বেসরকারি খাতের ঋণ।
তাঁর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন নাগাদ সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ বিলিয়ন ডলার।
ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ভবিষ্যতে এ ব্যয়ের পরিমাণ আরও বাড়তে পারে। কিছু হিসাব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ ঋণ পরিশোধের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এ চাপ সামাল দিতে আয়কর, শুল্ক এবং মূল্য সংযোজন করের (ভ্যাট) জন্য আলাদা তিনটি টাস্কফোর্স গঠন করেছে সরকার।
রাজস্ব আদায়ের অগ্রগতি সম্পর্কে ড. তিতুমীর বলেন, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে তা বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে।
গত অর্থবছরের শেষ দিকে দেশের কাস্টমস হাউসগুলোতে ইতিহাসের সর্বোচ্চ শুল্ক আদায়ের ঘটনাও ঘটেছে। আয়কর আদায়ের ক্ষেত্রেও একই ধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা চলছে।
তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। এর প্রভাব রাজস্ব সংগ্রহেও পড়ছে বলে জানান উপদেষ্টা।
রাজস্ব প্রশাসনকে আরও কার্যকর করতে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
অংশীজনদের সঙ্গে আলোচনা করে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজস্ব কাঠামো তৈরির সুপারিশের ভিত্তিতে এ প্রস্তাব করা হয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকার কয়েকটি খাতে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ড. তিতুমীর। এর মধ্যে সরকারি উন্নয়ন ব্যয় বাড়ানো, বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করা, রেমিট্যান্স বৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো অন্যতম।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষাকালে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে অসুবিধা হওয়ায় অর্থবছর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জুন মাসে তাড়াহুড়ো করে প্রকল্পের কাজ শেষ করার প্রবণতা কমাতে চায় সরকার।
বেসরকারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এরই মধ্যে প্যাকেজের এক-পঞ্চমাংশ ঋণ বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে। এ জন্য একটি সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ড কর্মসূচিও নেওয়া হয়েছে।
উপদেষ্টার মতে, অর্থনীতির গতি বাড়াতে চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ—
১. বিনিয়োগ বৃদ্ধি। ২. সরকারি ব্যয় সম্প্রসারণ। ৩. মানুষের ভোগ ও ক্রয়ক্ষমতা বাড়ানো। ৪. রপ্তানি আয় বৃদ্ধি।
তিনি জানান, রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে এবং পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের (পিএমআই) বিভিন্ন সূচকে অর্থনৈতিক সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
চীন চট্টগ্রামে তাদের অর্থনৈতিক শিল্পাঞ্চলে বিনিয়োগ শুরু করেছে। পাশাপাশি জাপানের বিনিয়োগকারীরাও বাংলাদেশে উৎপাদন ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন।
চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও এ লক্ষ্য অর্জনে কাজ চলছে বলে জানান উপদেষ্টা।
দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে ড. তিতুমীর বলেন, আগে খেলাপি ঋণের হার ১১ শতাংশ দেখানো হতো। কিন্তু ফরেনসিক অডিটের পর এর পরিমাণ ৩৫ দশমিক ৭২ শতাংশ পাওয়া গেছে।
তাঁর মতে, অর্থনীতির প্রকৃত অবস্থা জানতে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা অত্যন্ত জরুরি। এ কারণে রাজস্ব আদায়, রেমিট্যান্স এবং সরকারি আয়-ব্যয়ের তথ্য নিয়মিত প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে আইবাস ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন সরকারি আয় ও ব্যয়ের তথ্য পাওয়া যাচ্ছে। তবে এ ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো দূর করে তথ্য প্রকাশের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
দেশের জিডিপির হিসাব এবং কর-জিডিপি অনুপাতের যথার্থতা যাচাই করতে ফরেনসিক অডিট করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
তিনি বলেন, স্বাধীন গবেষকেরা বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে এ অডিট পরিচালনা করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন মতাদর্শের দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের নিয়ে প্রতিবেদনটির পিয়ার রিভিউ করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এতে জিডিপির হিসাব, কর-জিডিপি অনুপাত এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য তুলে ধরা হবে।
ড. তিতুমীর বলেন, অর্থনৈতিক পরিসংখ্যানের যথার্থতা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের তথ্যের সঙ্গে রাজনীতিকে যুক্ত করা উচিত নয়।
রাজস্ব প্রশাসনের সংস্কারের অংশ হিসেবে করদাতাদের হয়রানি কমানো এবং কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উপদেষ্টা জানান, করদাতাদের আস্থা অর্জনে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ করা এবং দ্বিতীয়ত, রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো।
এ ছাড়া ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হবে। ভ্যাট ব্যবস্থার ডিজিটালাইজেশনের অগ্রগতিও খতিয়ে দেখা হচ্ছে।
বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র করদাতাদের মতামত নেওয়ার উদ্যোগ রয়েছে। তাঁদের সমস্যা ও অভিজ্ঞতার ভিত্তিতে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
জ্বালানি খাতে নতুন করে এক্সাইজ ডিউটি আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ড. তিতুমীর জানান, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে বর্তমানে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে। পরবর্তী সময়ে মিশন ও নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা শেষে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
করনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ওপর করের চাপ কতটা পড়ছে, সেটিও বিবেচনায় রাখতে হবে।
উৎপাদনমুখী শিল্পকে উৎসাহিত করতে এবং মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সহজ রাখতে বিভিন্ন ক্ষেত্রে কর কমানো হয়েছে। বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুৎ খাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে একই অনুপাতে দাম বাড়ানো হয়নি বলে জানান তিনি। বিদ্যুতের ক্ষেত্রেও ব্যবহারভিত্তিক পৃথক ও ন্যায্য মূল্যনীতি অনুসরণের কথা তুলে ধরেন উপদেষ্টা।
রাজস্ব আহরণ বাড়াতে কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
ড. তিতুমীর বলেন, আন্তর্জাতিক ব্যবসা, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং ট্রান্সফার প্রাইসিংয়ের মতো জটিল বিষয় সম্পর্কে রাজস্ব কর্মকর্তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।
নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে সরকারি ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দুর্বল রাজস্ব কাঠামো, ব্যাংকিং খাতের সংকট এবং বিপুল ঋণের চাপকে দেশের অর্থনীতির প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখছে সরকার। এসব সমস্যা কাটিয়ে উঠতে রাজস্ব প্রশাসনের সংস্কার, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী শিল্পের সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে এসব কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |