| বঙ্গাব্দ

কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত, বিএনপির দুইপক্ষের বিরোধ চরমে

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 8305 বার পঠিত
কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত, বিএনপির দুইপক্ষের বিরোধ চরমে
ছবির ক্যাপশন: কসবা ছাত্রদল

কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত, বিএনপির বিরোধ আরও তীব্র

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের বিরোধ থামছে না। একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনার মধ্যে এবার উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৫টার পর সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

১৯টি ইউনিটের কমিটি বিলুপ্ত

বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

অন্যদিকে, কসবা পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু সোমবার যুগান্তরকে মুঠোফোনে বলেন, ইউনিয়নগুলোর কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব কমিটি নিষ্ক্রিয় থাকায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিরোধ

এর আগে গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

গত ৪ নভেম্বর নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। আহতরা হলেন তৈতুয়া গ্রামের মালু খাঁর ছেলে শহিদুল খাঁ, দক্ষিণ কসবা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া, খারপাড়া গ্রামের রাব্বি মিয়া এবং চড়নাল গ্রামের আবু তাহেরের ছেলে রাশিদুল ইসলাম রাসেল।

সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহত ২৭

এরপর গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৭ জন আহত হন।

পরদিন রোববার (৮ নভেম্বর) ওই সংঘর্ষের জেরে বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে সড়ক অবরোধ করা হয়।

নির্বাচন ঘিরে রাজনৈতিক বিভক্তি

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কসবা বিএনপির রাজনীতিতে দুটি পক্ষের বিভক্তি তৈরি হয়। ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ধীরে ধীরে বিএনপির দুইপক্ষের রাজনৈতিক বিরোধে রূপ নিচ্ছে।

সর্বশেষ উপজেলা ও পৌরসভার ১৯টি ইউনিটের কমিটি বিলুপ্তির ঘোষণায় কসবা ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency