ফরিদপুরের সদরপুরে সাড়ে চার মাস ধরে নিখোঁজ ৮ বছরের শিশু সামিউল ইসলামকে উদ্ধারের আশায় একটি বসতঘরের পাকা মেঝে কেটে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়েও শিশুটির মরদেহ বা কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের লাভলী বেগমের (৩৫) তালাবদ্ধ বসতঘরে এ অভিযান শুরু হয়। সোমবার (২ নভেম্বর) রাত ৩টা পর্যন্ত তল্লাশি চালানোর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
নিখোঁজ সামিউল ইসলাম ওই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মিরাজুল মল্লিকের ছেলে।
স্থানীয় ও পিবিআই সূত্রে জানা গেছে, শিশুটির নিখোঁজের ঘটনায় রোববার চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পিবিআই। তারা হলেন সদরপুর উপজেলার নয়াকান্দি গ্রামের আলামিন (৩৬) ও মোস্তফা ফরাজী (৫০) এবং নগরকান্দা উপজেলার গোয়ালদী গ্রামের ফরিদ মাতুব্বর (৩৫) ও সুজন মাতুব্বর (৩৭)।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লাভলী বেগমের তালাবদ্ধ বসতঘরে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পিবিআই। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘরের ভেতরের পাকা ইটের মেঝের ঢালাই কেটে মাটি খোঁড়া হয়। প্রায় ছয় ফুট গভীর পর্যন্ত খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পাওয়ায় ভোররাত ৩টার দিকে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ এবং ফায়ার সার্ভিসের একটি দল। অভিযান দেখতে শতাধিক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ভিড় করেন।
জানা যায়, গত ১৫ জুন নয়াকান্দি গ্রাম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু সামিউল। পরদিন তার চাচা সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘদিনেও শিশুটির সন্ধান না পাওয়ায় ঘটনাটি তদন্তে নামে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরটিতে তল্লাশি চালানো হয়।
ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শিশু সামিউলকে উদ্ধার এবং তার নিখোঁজের রহস্য উদ্ঘাটনে পিবিআইয়ের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |