বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছে। প্রস্তাবিত নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধা, কল্যাণ এবং সামগ্রিক কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন-ভাতা পাচ্ছেন।
তবে জাতীয় বেতন স্কেল ২০২৬ বা নবম পে-স্কেল অনুযায়ী তাদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এ জন্য মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সম্ভাব্য ব্যয় আলাদাভাবে হিসাব করা হয়েছে।
নতুন বেতন স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তার যে হিসাব শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, তা হলো—
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা।
বেসরকারি কলেজের জন্য অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা।
দুই খাত মিলিয়ে মোট অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা উন্নয়নে সরকারের উদ্যোগ রয়েছে।
এ লক্ষ্যে শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ বাড়ানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
তবে অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানো হলেও নতুন পে-স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে চিঠিতে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এখন অর্থ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |