| বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় থেকেও মামলায় জামিন, শাওনের বদলে আদালতে ‘ভুয়া আসামি’!

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-10-2026 ইং
  • 6411 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় থেকেও মামলায় জামিন, শাওনের বদলে আদালতে ‘ভুয়া আসামি’!
ছবির ক্যাপশন: আদালত

দক্ষিণ কোরিয়ায় থেকেও মামলায় জামিন, শাওনের বদলে আদালতে ‘ভুয়া আসামি’!

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেও খুলনার দিঘলিয়া উপজেলার একটি মারামারি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে ফিরোজ আলম শাওনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার পরিবর্তে অন্য এক ব্যক্তিকে শাওন পরিচয়ে আদালতে হাজির করে জামিন নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে গত ১৬ মার্চ। প্রায় চার মাস পর বিষয়টি আদালতের নজরে এলে তদন্তে উঠে আসে কথিত জালিয়াতির তথ্য। এ ঘটনায় ফিরোজ আলম শাওন ও তার আইনজীবী সরদার শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে শাওনের ভাই ফেরদৌস আলম সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে সেতুকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ মার্চ রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি বরইতলা ঘাট এলাকায় প্রতিবেশী তরিকুল আমিনকে মারধরের অভিযোগ ওঠে শাওন ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে তরিকুল আমিন বাদী হয়ে শাওনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন দিঘলিয়া থানার এসআই জামিল হোসেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর তিনি শুধু ফিরোজ আলম শাওনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

বাদীপক্ষের আইনজীবী আজমল হোসেন জানান, চার্জ গঠনের তারিখ নির্ধারণের পর তারা জানতে পারেন, ১৬ মার্চ শাওন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে খোঁজ নিয়ে জানা যায়, শাওন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।

আদালতের তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য

পরে বিষয়টি আদালতের নজরে আনেন মামলার বাদী তরিকুল আমিন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফাতেমা জান্নাত বিষয়টি তদন্ত করেন।

আদালতের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সিআর ৬৩/২০২৫ (দিঘলিয়া) মামলায় আসামি ফিরোজ আলম শাওন অ্যাডভোকেট সরদার শাহজাহান আলীর ওকালতনামার মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অভিযোগটি জামিনযোগ্য হওয়ায় আদালত তাকে ১০০ টাকা বন্ডে জামিন দেন।

তবে পরে বাদী আদালতে আবেদন করে জানান, শাওন দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। ফলে তিনি দেশে না ফিরেই কীভাবে আদালতে উপস্থিত হয়ে জামিন নিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর আসামিপক্ষের আইনজীবী সরদার শাহজাহান আলী ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার ওকালতনামা ব্যবহার করে অন্য একজনকে শাওন সাজিয়ে আদালতে হাজির করে জামিন নেওয়া হয়েছে।

তদন্তের সুপারিশ

বিষয়টি তদন্তের পর ২২ জুলাই খুলনার মুখ্য মহানগর হাকিমের কাছে প্রতিবেদন দেন বিচারক ফাতেমা জান্নাত। প্রতিবেদনে বলা হয়, শাওন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করার সময় তার পরিবর্তে অন্য একজনকে আদালতে হাজির করে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

এ ঘটনায় আদালতে উপস্থিত ওই ব্যক্তি, সংশ্লিষ্ট আইনজীবী, আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

পরে ২ আগস্ট আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য খুলনা সদর থানার ওসিকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট ফিরোজ আলম শাওনকে প্রধান আসামি এবং আইনজীবী সরদার শাহজাহান আলীকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়।

কে সেজেছিলেন ‘শাওন’?

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মেহেদী হাসান খান বলেন, মূল আসামির পরিবর্তে অন্য একজনকে আদালতে হাজির করে জামিন নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ফিরোজ আলম শাওন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। দেশে থাকাকালে মারামারির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি আবার বিদেশে চলে যান। পরে মামলাটি নিষ্পত্তির প্রক্রিয়া এগিয়ে নিতে তার পরিবর্তে অন্য একজনকে আদালতে হাজির করে জামিন নেওয়া হয়েছে বলে তদন্তে পাওয়া গেছে।

এখন তদন্তকারীদের সামনে মূল প্রশ্ন—দক্ষিণ কোরিয়ায় থাকা শাওনের পরিবর্তে আদালতে কে হাজির হয়েছিল এবং তাকে আদালতে হাজির করার সঙ্গে আর কারা জড়িত ছিলেন। আদালতের নথিতে ওই ব্যক্তির পরিচয় কীভাবে যাচাই করা হয়েছিল, সেটিও তদন্ত করা হচ্ছে।

সূত্র: যুগান্তর

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency