| বঙ্গাব্দ

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 12281 বার পঠিত
জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো
ছবির ক্যাপশন: ইন্টারকে বাঁচালেন লাউতারো

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

রোমার মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। শনিবার স্তাদিও অলিম্পিকোতে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ক্রিস্তিয়ান কিভুর দল। ইন্টারের ঘুরে দাঁড়ানোর নায়ক ছিলেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

মৌসুমের শুরুতে দুই দলেরই ছিল শতভাগ জয়ের রেকর্ড। এই ড্রয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে একে অন্যের ওপর চাপ বজায় রাখল রোমা ও ইন্টার।

জিয়ান পিয়েরো গাসপেরিনির রোমা চলতি মৌসুমে ইতালির সবচেয়ে আকর্ষণীয় দলগুলোর একটি হিসেবে নিজেদের তুলে ধরেছে। দনিয়েল মালেনের গোল করার দক্ষতা ও শক্ত রক্ষণভাগের সুবাদে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল তারা।

ম্যাচের শুরুটা ছিল রোমার দখলে। ষষ্ঠ মিনিটেই নাহুয়েল মলিনার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন মানু কোনে। মৌসুমে এটি ছিল তাঁর প্রথম গোল। প্রথমার্ধে বেশিরভাগ সময়ই ছন্দ খুঁজে পায়নি ইন্টার।

২৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পান মার্কাস থুরাম। কিন্তু তাঁর শট সরাসরি রোমার গোলরক্ষক মিলে স্ভিলারের হাতে চলে যায়। সাত মিনিট পর কার্টিস জোন্সের পাস থেকে আলেসান্দ্রো বাস্তোনির শট পোস্টে লেগে ফিরে আসে।

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোনে। কাছ থেকে বল জালে পাঠালেও প্রথমে সহকারী রেফারির পতাকায় তাঁর উদযাপন থেমে যায়। পরে ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি দাভিদে মাসসা। ২৫ বছর বয়সী কোনের ক্যারিয়ারের এটি ছিল ষষ্ঠ সিরি আ গোল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান লাউতারো মার্তিনেজ। থুরামের বাড়ানো বল থেকে তাঁর শট স্ভিলারকে ফাঁকি দিয়ে জালে যায়।

৬৮ মিনিটে রোমার হয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পান মালেন। ভিড়ের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শট নিলেও তা ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের কপালে লেগে নিরাপদে চলে যায়।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। প্রথমে দারুণ সেভ করেন স্ভিলার। এরপর গোলমুখের জটলায় লাউতারোর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে আবারও সুযোগ পান আর্জেন্টাইন তারকা। উরু দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে ২-২ ব্যবধানে সমতা ফেরান তিনি।

ম্যাচের দিন সকালে ৮৩ বছর বয়সে মারা যান ইন্টার মিলান ও ইতালির সাবেক তারকা প্লেমেকার সান্দ্রো মাজ্জোলা। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইন্টারের খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency