নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার রক্ষণাবেক্ষণ কাজের সময় ত্রুটি ধরা পড়ার পর কেন্দ্রটির ২ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে।
এর ফলে কেন্দ্রটির উৎপাদন বর্তমানে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন কয়লার সংকটের কারণে রামপাল কেন্দ্রের উৎপাদন কিছুটা কম ছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় কয়লা মজুত থাকায় দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন চলছিল।
দুটি ইউনিট সচল থাকা অবস্থায় কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল। রোববার রক্ষণাবেক্ষণ কাজের সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিলে ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে। কোনো ইউনিট বন্ধ করার পর পরিদর্শন ও মেরামতের আগে সেটিকে ঠান্ডা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বর্তমানে সেই প্রাথমিক প্রক্রিয়া চলছে।
পিডিবির এই কর্মকর্তা জানান, ইউনিটটির ত্রুটি পরীক্ষা ও কারিগরি মূল্যায়নের জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর ইউনিটটি কবে নাগাদ আবার উৎপাদনে ফিরবে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রটি ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ নামে পরিচিত। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
কেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সাধারণত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
অন্যদিকে একটি ইউনিট সচল থাকলে সাধারণত ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ফলে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বর্তমানে কেন্দ্রটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে রয়েছে।
সূত্র: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদি
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |