| বঙ্গাব্দ

জেডআরএফ-এর বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান | বাংলাদেশ প্রতিদিন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-06-2026 ইং
  • 9890 বার পঠিত
জেডআরএফ-এর বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান | বাংলাদেশ প্রতিদিন
ছবির ক্যাপশন: জেডআরএফ-এর বৃক্ষরোপণ

পরিবেশ সুরক্ষায় ‘সবুজ বিপ্লব’ ও বৈজ্ঞানিক উদ্ভাবনের আহ্বান ডা. জুবাইদা রহমানের, ঢাবিতে জেডআরএফ-এর কর্মসূচি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলাদেশ প্রতিদিন

প্রকাশিত: ১০ জুন, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর উদ্যোগে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকালে জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ও খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন ডা. জুবাইদা রহমান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে– বিজ্ঞান মেলা-২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করেন।

ঢাবিতে বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাজীবীদের মিলনমেলা

জেডআরএফ-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সুচারু পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ ফ মো ইউসুফ হায়দার, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেডআরএফ-এর পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং বিশিষ্ট কৃষিবিদ বয়জার রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফ-এর পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, জেডআরএফ-এর এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও (সিকৃবি) উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষরোপণকে ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের ডাক

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তিনি বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, শীতল ছায়া সৃষ্টি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অনন্য সুযোগ তৈরি হয়।”

ডা. জুবাইদা রহমান বৃক্ষরোপণকে কেবল একটি প্রচলিত বা আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এটিকে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের একটি শক্তিশালী ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের উদাত্ত আহ্বান জানান। এই মহৎ লক্ষ্য অর্জনে তিনি গ্রিন ভলান্টিয়ারিজম (সবুজ স্বেচ্ছাসেবা), ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের মতো সময়োপযোগী ও বাস্তবমুখী প্রস্তাবনা দেশবাসীর সামনে তুলে ধরেন।

শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয়টি বাধ্যতামূলকভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞান মেলা নিয়ে নতুন আশাবাদ

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা সম্পর্কে ডা. জুবাইদা রহমান বলেন, “আমাদের দেশের শিক্ষক-শিক্ষিকা ও মেধাবী শিক্ষার্থীরা জাতীয় জীবনের বিভিন্ন জটিল সমস্যার বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম ও শহর আরও সবুজ, নির্মল এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে।

তিনি আরও যোগ করেন—চিকিৎসাবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ (আইটি) প্রতিটি ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবন ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বহুমুখী সংকটের টেকসই সমাধান সম্ভব। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্য দিয়েই মানুষের কষ্ট লাঘব হবে এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সফল আয়োজনে সংশ্লিষ্ট সকল শিক্ষক, ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্ষুদে ও তরুণ বিজ্ঞানীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency