ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ – রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি মিশনে মৌখিকভাবে এমন নির্দেশনা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
রবিবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজাদ মজুমদার লিখেছেন, “সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রাখা হয়েছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছেন।”
তিনি স্পষ্ট করে বলেন, “ছবি সরাতে হবে—এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনে পাঠানো হয়নি। তারপরও বাজারে বিষয়টি গরম করে তোলা হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর রাজনীতিতে খোঁট পাকানোর সুযোগ কমে আসছে, তাই ছোটখাটো বিষয়কেও এখন বড় করে দেখানো হচ্ছে।”
এর আগে শনিবার রাত থেকে দেশের বিভিন্ন বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা মৌখিকভাবে পাঠিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে বিদেশি মিশনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে লিখিত কোনো নির্দেশনা জারি করা হয়নি।
বাংলাদেশের সরকারি অফিসে রাষ্ট্রপ্রধানের প্রতিকৃতি ঝোলানো দীর্ঘদিনের প্রচলন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা ‘জিরো পোর্ট্রেট নীতি’ বজায় রাখার অবস্থান নিয়েছে। এতে সরকারি দপ্তরে দলীয় বা ব্যক্তিকেন্দ্রিক প্রতিকৃতির পরিবর্তে কেবল জাতীয় প্রতীক ব্যবহারের প্রচেষ্টা চলছে।
পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন রাষ্ট্রপতির ছবি সরানোর মতো ইস্যু জনমনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সরকারের অলিখিত নীতি ও মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার ভিন্ন ব্যাখ্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারের ফেসবুক স্ট্যাটাস, ১৭ আগস্ট ২০২৫
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য
মন্ত্রিপরিষদ বিভাগের অভ্যন্তরীণ আলোচনার তথ্য
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |