ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৪ মে) দিবাগত গভীর রাতে এ গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতে মাদলা সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মণ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে পাঠান, তবে তার প্রাণ রক্ষা করা যায়নি।
এদিকে, নিহত সাকিবের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। মাদলা এলাকার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা তার বাড়িতে যাচ্ছি, পরিবার শোকাহত অবস্থায় রয়েছে।"
ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।
এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |