কুয়েট শিক্ষকদের ক্লাস বর্জন অব্যাহত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
দুই মাস আট দিন বন্ধ থাকার পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রোববার (৪ মে) সকাল থেকে কোনো ক্লাস শুরু হয়নি। ১৮ ফেব্রুয়ারির ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় শিক্ষকরা এখনো শ্রেণিকক্ষে ফেরেননি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে, সকাল ৮টা থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে অনুপস্থিত ছিলেন।
কুয়েট শিক্ষকরা জানিয়েছেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষাদান করতে চাই। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।”
অন্যদিকে শিক্ষার্থীরা জানাচ্ছেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে তারা ইতোমধ্যেই পড়ালেখায় পিছিয়ে পড়েছেন। একজন শিক্ষার্থী বলেন, “এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। অনেকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ পাসের পথে—এইভাবে বন্ধ থাকলে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হব।”
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় শিক্ষকসহ একাধিক ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। পরবর্তীতে ছাত্রদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাছূদের অপসারণসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি চালানো হয়।
সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণ করে এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ হযরত আলীকে অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তিনি গতকাল (৩ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবর্তনের পরও শিক্ষকদের আস্থা পুনঃস্থাপন সম্ভব হয়নি। তারা এখনও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে সমাধান না হলে, কুয়েটের শিক্ষার্থীদের জন্য এই অনিশ্চয়তা দীর্ঘায়িত হতে পারে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |