ভারতের আগ্রাসন মোকাবিলায় চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রীর
পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করে ভারত যদি কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজাদ কাশ্মিরের প্রাদেশিক প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মিরের আইনসভায় দেওয়া এক বক্তব্যে ভারতবিরোধী তীব্র অবস্থান তুলে ধরেন তিনি।
চৌধুরি আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, “পাকিস্তানের সীমান্ত অতিক্রম করার সাহস ভারতের নেই। যদি কোনো দুঃসাহসিকতার চেষ্টা করা হয়, তাহলে কাশ্মিরি জনগণসহ গোটা জাতি এর উপযুক্ত জবাব দেবে।”
তিনি ভারতের বিরুদ্ধে ‘চাণক্যনীতি’ অনুসরণের অভিযোগ আনেন এবং বলেন, “ভারত কূটনীতির মুখোশ পরে ধারালো ছুরি চালানোর মতো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রচারিত মিথ্যাচার ইতোমধ্যেই বিশ্ববাসীর কাছে পর্দা ফাঁস হয়ে গেছে।”
আজাদ কাশ্মিরের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। আনোয়ারুল বলেন, “ভারত পরিকল্পিতভাবে আজাদ কাশ্মিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তবে আমরা সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে প্রস্তুত।”
বিশেষ করে ভারতের “পানির আগ্রাসন” বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গত এক বছর ধরে ভারত একের পর এক জলনৈতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দিয়ে আমাদের জলসম্পদ হরণ করার পাঁয়তারা করছে। এটি শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্র।”
প্রধানমন্ত্রী মোদি সরকারের নীতিকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করেন আনোয়ারুল হক। তিনি বলেন, “মোদি সরকারের সন্ত্রাসবাদী চরিত্র বিশ্বজুড়ে উন্মোচিত হয়েছে। কানাডা থেকে কাশ্মির পর্যন্ত মোদি সরকার রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস ছড়ানোর পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এখন সেটা উপলব্ধি করতে শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আজাদ কাশ্মিরের জনগণ তাদের স্বাধিকার ও স্বার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং বিশ্ববাসীকে এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করবো।”
এই বক্তব্যের মধ্য দিয়ে আজাদ কাশ্মির ও পাকিস্তানের তরফ থেকে ভারতের বিরুদ্ধে আবারও কড়া বার্তা এসেছে, যা উপমহাদেশে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |