বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতারে অনুমতি নির্দেশ ৩ মাসের জন্য স্থগিত হাইকোর্টে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে—এমন অফিস আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৯ এপ্রিল, ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে এজাহারে নাম উল্লেখ করা আসামির সংখ্যা অনেক বেশি। তাই গ্রেফতার কার্যক্রমে যাতে কোনো রকম ভুল না হয়, সেজন্য উপযুক্ত প্রমাণসহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তবেই আসামি গ্রেফতারের নির্দেশনা প্রদান করা হয়।
এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনে অফিস আদেশটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির অনুরোধ জানানো হয়।
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, ডিবিপ্রধান, সিআইডি প্রধানসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, তিন মাসের জন্য ডিএমপির অফিস আদেশ স্থগিত থাকবে এবং এই সময়ে ওই আদেশ অনুযায়ী গ্রেফতারে ঊর্ধ্বতন অনুমতির বাধ্যবাধকতা থাকবে না।
এই আদেশে নাগরিক সমাজ ও আইনজীবীদের অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, আইনের চোখে সবার সমান অধিকার নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |