| বঙ্গাব্দ

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 17557 বার পঠিত
জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগ কর্মী
ছবির ক্যাপশন: জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল,

আটক ব্যক্তিকে জামায়াতের কর্মী দাবি, তিতাস থানায় হট্টগোল

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

কুমিল্লার তিতাসে পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তবে পুলিশের দাবি, আটক ব্যক্তি যুবলীগের কর্মী। এ ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদেরও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিতাস থানা চত্বরে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিতাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী মো. গিয়াস উদ্দিন সরকারকে আটক করে থানায় নেওয়া হয়।

শনিবার বিকেলে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে তোলা হলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করেন। এ সময় তারা পুলিশের গাড়ি আটকে বিভিন্ন দলীয় স্লোগান দেন। পরে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে আটক ব্যক্তিকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তাদেরও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রকৌশলী শামীম সরকার বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বলরামপুর ইউনিয়নে তাদের একটি সভা ছিল। সভা শেষে মাগরিবের নামাজের পর বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সরকারকে ছদ্মবেশে পুলিশ ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে তারা রাতেই থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানান এবং গিয়াস উদ্দিন তাদের সংগঠনের কর্মী—এমন প্রমাণ দেন। তখন ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সকালে আসতে বলেন। কিন্তু তাদের কিছু না জানিয়েই গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় তারা বিষয়টি জানতে চান।

থানায় হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শামীম সরকার বলেন, তারা কোনো হট্টগোল করেননি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারাই হট্টগোল করার চেষ্টা করেছেন।

অন্যদিকে, তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সরকার জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাতে জামায়াতে ইসলামীর নেতারা গিয়াস উদ্দিনকে নিজেদের কর্মী দাবি করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ওসি আরও বলেন, ২৮ নভেম্বর বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর সময় তার স্বজন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন। পরে পুলিশের সদস্যরা বিক্ষুব্ধ ব্যক্তিদের সরিয়ে আটক ব্যক্তিকে আদালতে পাঠাতে সক্ষম হন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency