| বঙ্গাব্দ

প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-10-2026 ইং
  • 8410 বার পঠিত
প্রথম সপ্তাহেই ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
ছবির ক্যাপশন: ৫৭৭ কোটি রুপি আয় করে ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দুর্গাপূজায় মুক্তি পেয়েই বক্স অফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বব্যাপী আয় ৫৭৬ কোটি

প্রতিবেদক: বুলবুল আহমেদ

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘জেলার’-এর সিকুয়েলটি দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী আয়েও সাফল্য দেখাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ‘জেলার ২’। এ পথে ছবিটি পেছনে ফেলেছে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান-১’ ও লোকেশ কানাগরাজের ‘কুলি’র মতো সিনেমাকে। একই সঙ্গে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির অবস্থানও অর্জন করেছে এটি।

বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে ‘জেলার ২’ নিট আয় করেছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে সিনেমাটির মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। এর সঙ্গে বিদেশের বাজার থেকে আসা ২০৫ কোটি রুপি মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহ শেষে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।

এই আয় দিয়ে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’কে টপকে এটি ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের স্থান দখল করেছে।

২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটির আয় ১ হাজার ৮১৩ কোটি রুপি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেলার ২’, যার আয় ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি। এ ছাড়া ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ৫৬০ কোটি, ‘হনুমান অংশ’ ৪৫১ কোটি এবং ‘বর্ডার ২’ ৪৫০ কোটি রুপি আয় করেছে।

নেলসন দিলীপকুমার ও রজনীকান্ত জুটি ২০২৩ সালে উপহার দিয়েছিল ব্লকবাস্টার সিনেমা ‘জেলার’। এবার এই জুটির ‘জেলার ২’ প্রযোজনা করেছে সান পিকচার্স। প্রযোজক কালানিধি মারান।

রজনীকান্তের পাশাপাশি আগের কিস্তির অভিনয়শিল্পীদের মধ্যে এবারও রয়েছেন রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক। নতুন করে সিনেমাটিতে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency