যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সংবেদনশীল কৌশলগত তথ্য, জনবল ব্যবস্থাপনা এবং সরবরাহ-সংক্রান্ত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট ব্যক্তিদের দুজনের ভাষ্য অনুযায়ী, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটির সিস্টেম উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনার পর পুরো প্ল্যাটফর্মজুড়ে বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন সক্ষমতা সুরক্ষায় ধারাবাহিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্মের উদ্দেশ্য ছিল মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজনীয়তা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে পূরণ করা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের মতো চারটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সম্পদ একত্র করে এটি পরিচালিত হয়।
জনবল ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন এই প্ল্যাটফর্মের আওতায় রয়েছে।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষা রাডারসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও সমন্বয় করে এই ব্যবস্থা। এ ছাড়া রয়েছে থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশন সিস্টেম, যার মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। অন্যদিকে, লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সংশ্লিষ্ট দুই ব্যক্তির দাবি, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাদের একজনের মতে, এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের উদ্বেগের বিষয়।
ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সাইবার কমান্ড কোনো জবাব দেয়নি।
হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন স্থানান্তরের উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকারমূলক উদ্যোগ ছিল।
এ ছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হলেও বিমানবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধন করতে পারছেন না। সংশ্লিষ্ট আরেক ব্যক্তি জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
রয়টার্সকে তথ্য দেওয়া পাঁচজনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
একজন সূত্রের দাবি, সাইবার অনুপ্রবেশকারীরা একটি সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল। কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন ওই ব্যক্তি।
তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে অনুপ্রবেশকারীরা তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এই ঘটনায় হ্যাকাররা বাস্তবে এমন কোনো তথ্য পর্যবেক্ষণ করেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করেছে, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |