প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক মধুর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাস বয়সি মেয়েকে কোলে নিয়ে উপস্থিত হন সিনেটর ফাতিমা পেম্যান। এ সময় তাঁর পেছনে বসা সহকর্মী সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে মজার অঙ্গভঙ্গি করে খেলায় মেতে ওঠেন।
গত ২৪ ও ২৫ নভেম্বর সিনেটের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বক্তব্য চালিয়ে যাওয়ার সময় পেছনের আসন থেকে শিশুটির দিকে নানা ধরনের মজার মুখভঙ্গি করেন লিডিয়া থর্প। এতে শিশুটিও আনন্দিত হয়ে ওঠে।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যানকে বক্তব্য দেওয়ার সময় তাঁর ছয় মাস বয়সি মেয়ে আলিয়াকে বুকের সঙ্গে জড়িয়ে কোলে ধরে থাকতে দেখা যায়। এ সময় পেছনে বসে লিডিয়া থর্পের মজার অঙ্গভঙ্গি শিশুটির মনোযোগ আকর্ষণ করে। পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে এমন দৃশ্য উপস্থিতদের নজর কাড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর প্রশংসা করেছেন। সন্তানকে দেখাশোনার পাশাপাশি একজন মায়ের পেশাগত দায়িত্ব পালনের এমন দৃশ্যকে ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা।
অনেক দেশের আইনসভার তুলনায় অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশের সুযোগ রয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশনে অংশ নেওয়ার সময় নিজেদের শিশুর যত্ন নিতে পারেন। প্রয়োজনে অল্প সময়ের জন্য শিশুকে দুধ পান করানোরও সুযোগ রয়েছে।
অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা পার্লামেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে।
পার্লামেন্টে দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বিশেষ পরিচিতিও রয়েছে ফাতিমা পেম্যানের। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন।
এমন একটি দৃশ্য পার্লামেন্টে কর্মজীবী অভিভাবকদের জন্য সহায়ক পরিবেশ এবং মাতৃত্বের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |