প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবনের পর অবশেষে পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি। ভারতের দিল্লিতে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাদল ফরাজিকে মানবিক বিবেচনায় চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিরাপত্তায় বাগেরহাটের মোংলায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানান, বাদল ফরাজিকে নিরাপত্তা দিয়ে বাগেরহাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে মহানগর পুলিশের একটি দল। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নেয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক আদেশে বাদল ফরাজির চার সপ্তাহের প্যারোল কার্যকর করতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
আদেশে প্যারোলের প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে তাকে স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাদল ফরাজির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এই সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিকোণ থেকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ সিদ্ধান্তে মানবিক বিবেচনায় বাদল ফরাজিকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বন্দিদের জীবনমান উন্নয়নে এ সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় নামের মিলের কারণে ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার পর ২০১৮ সালে বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
এরপর থেকে বাংলাদেশের কারাগারে বন্দি ছিলেন তিনি। সর্বশেষ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল তাকে।
বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়ায় সহযোগিতা করেছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দিতে সংস্থাটির পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাকে কারাগার থেকে পরিবারের কাছে ফেরার সুযোগ দেওয়া হয়। তবে এটি স্থায়ী মুক্তি নয়, নির্ধারিত শর্তে চার সপ্তাহের সাময়িক প্যারোল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |