বাম গণতান্ত্রিক জোট: 'শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় প্রমাণ করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয়'
প্রতিবেদনকারীর নাম : বিডিএস বুলবুল আহমেদ
মেইন কন্টেন্ট
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা জানায়, এই রায় প্রমাণ করেছে, “কেউই আইনের ঊর্ধ্বে নয়।” পাশাপাশি, বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ না হয়, সে আহ্বানও জানিয়েছে তারা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর তোপখানা রোডে বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবে বলা হয়, “গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি বাংলাদেশের সর্বস্তরের জনগণের। যে কোনো হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদের বিচার প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাম্য। ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারে শহীদ ও আহত-পঙ্গুত্ববরণকারী পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, এবং আমরা দেশের অংশ হিসেবে স্বচ্ছ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় ভিক্টিম পরিবার এবং অভিযুক্ত উভয়েই ন্যায়বিচার পাওয়ার দাবি দীর্ঘদিন ধরে করে আসছি।”
বাম গণতান্ত্রিক জোট আরও দাবি করে, “আমরা শুধু আশা করব যে, বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ না হয়, এবং আপিল ও রিভিউসহ বিচার প্রক্রিয়ার সব ধাপ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়।”
এছাড়া, প্রস্তাবে বলা হয়, “যেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে ক্যাপিটাল পানিসমেন্ট দেওয়া হয়েছে, সেখানে আদেশ পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান আইজিপিকে রাজসাক্ষী বানিয়ে মাত্র ৫ বছরের সাজা দেওয়া শহীদ পরিবার যেমন মেনে নেয়নি, আমরাও এটাকে গ্রহণ করতে পারিনি।”
এতে বলা হয়েছে, “এই মামলায় রাজসাক্ষীর প্রয়োজন ছিল না, কারণ ইতিমধ্যেই যথেষ্ট প্রমাণ এবং এভিডেন্স রয়েছে যা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে উল্লেখিত রয়েছে।”
এছাড়া, সাবেক আইজিপির বিচারের যথাযথ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার আহ্বান জানানো হয়, যাতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে রাজসাক্ষী হয়ে পার পেয়ে না যায়।
প্রস্তাবে জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত এবং সকল দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠতে গেলে অন্তত একবার হলেও চিন্তা করে।
সভায় সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-র সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ।
সুত্র
“বাম গণতান্ত্রিক জোটের মন্তব্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে” — যুগান্তর।
“শেখ হাসিনার রায়: বাম গণতান্ত্রিক জোটের দাবি” — ডেইলি স্টার।
“গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনীতি: বাম জোটের প্রস্তাব” — সমকাল
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |