প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
দীর্ঘ বিতর্ক ও আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) রায়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে ফাইনালে মরক্কোর বিপক্ষে সেনেগালের ১-০ গোলের জয় বহাল থাকছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেনেগাল ফুটবল ফেডারেশনের করা আপিল গ্রহণ করেছে সিএএস। একই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে ডিসিপ্লিনারি বোর্ডের আগের রায় পুনর্বহাল করা হয়েছে। এর মধ্য দিয়ে সেনেগাল আনুষ্ঠানিকভাবে আফকনের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের করা গোলেই জয় নিশ্চিত হয় দলটির।
তবে ফাইনালের শেষ দিকে রেফারির সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সেনেগালের একটি গোল বাতিলের পর মরক্কো পেনাল্টি পেলে প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়রা। এতে প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকে।
পরবর্তী সময়ে মাঠে ফিরে খেলায় অংশ নেন সেনেগালের ফুটবলাররা। মরক্কোর ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। এরপর অতিরিক্ত সময়ে গোল করে শিরোপা নিশ্চিত করে সেনেগাল।
ম্যাচের প্রায় দুই মাস পর মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মরক্কোর অভিযোগের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয় ক্যাফ। সেনেগালকে ওয়াকওভারজনিত হারের দায়ে অভিযুক্ত করে ফাইনালের ফলাফল পরিবর্তন করে মরক্কোর পক্ষে ৩-০ গোলের জয় ঘোষণা করা হয়।
ক্যাফের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সেনেগালের পক্ষেই রায় এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এর ফলে মাঠের লড়াইয়ে অর্জিত আফকনের শিরোপা ফিরে পেল ‘লায়ন্স অব তেরাঙ্গা’ খ্যাত সেনেগাল।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |