| বঙ্গাব্দ

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 23-11-2026 ইং
  • 40234 বার পঠিত
দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
ছবির ক্যাপশন: সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।

সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের হিসাবে খেলাপির হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।

তবে গত তিন মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা কমেছে। বিপরীতে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। এরপর মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরবর্তী প্রান্তিকে আবার বেড়ে যায়।

সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির ব্যাপক প্রভাবের কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা।

তিন মাসের ব্যবধানে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি খেলাপি ঋণও বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

ব্যাংকের ধরন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে ৩ হাজার ৯১৫ কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে।

এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ এবং মোট ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৩৯ কোটি টাকা।

এরপর ঋণ আদায় ও পুনঃতফসিলের সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন করা হয়। ফলে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ কমে আসে।

ওই প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। তখন খেলাপি ঋণের হার ছিল ৩০ দশমিক ৬০ শতাংশ।

ডিসেম্বরে কমলেও মার্চ প্রান্তিকে আবার খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যায়। ওই সময়ে ব্যাংক খাতে ঋণের স্থিতি দাঁড়ায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এ তিন মাসে নতুন ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency