শীত এলেই অনেকের নাক বন্ধ হয়ে যাওয়া, মুখে চাপ অনুভব করা কিংবা মাথা ভার হয়ে থাকার মতো সমস্যা দেখা দেয়। সাধারণ সর্দি-কাশি ভেবে অনেকে এসব উপসর্গ এড়িয়ে গেলেও এর পেছনে থাকতে পারে সাইনাসের প্রদাহ, অ্যালার্জি কিংবা বায়ুদূষণের প্রভাব। বিশেষ করে ধুলাবালি, ছত্রাক, পোষা প্রাণীর লোম এবং শুষ্ক বাতাস নাক ও সাইনাসের অস্বস্তি বাড়াতে পারে। তাই শীতকালে এসব সমস্যা থেকে স্বস্তি পেতে প্রয়োজন সচেতনতা ও কিছু নিয়মিত অভ্যাস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে গুরুগ্রামের ম্যাক্স হাসপাতালের নাক-কান-গলা বিভাগের পরিচালক ও বিভাগীয় প্রধান চিকিৎসক রবীন্দ্র গেরা সাইনাসের সমস্যা এবং তা নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।
চিকিৎসক রবীন্দ্র গেরার মতে, সাধারণ সর্দি সাধারণত কয়েক দিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা নির্দিষ্ট কোনো উপাদানের সংস্পর্শে এলে বারবার দেখা দিতে পারে। তাই উপসর্গ কখন শুরু হচ্ছে এবং কোন পরিবেশে তা বাড়ছে, সেদিকে নজর রাখা প্রয়োজন।
শীতকালে সাইনাসের অস্বস্তি বেড়ে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে।
বায়ুদূষণের সঙ্গে অ্যালার্জিজনিত শ্বাসতন্ত্রের সমস্যার সম্পর্কও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ৬৪টি গবেষণায় প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে বায়ুদূষণের সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস ও দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যার যোগসূত্র পাওয়া গেছে।
শীতকালে সাইনাসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনা যেতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যেসব অভ্যাস উপকারী হতে পারে, সেগুলো হলো—
১. পর্যাপ্ত পানি পান করুন
শরীরে পানির ঘাটতি হলে শ্লেষ্মা ঘন হয়ে যেতে পারে। এতে নাকের ভেতরে জমে থাকা শ্লেষ্মা বের হতে অসুবিধা হয়। নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে শ্লেষ্মা তুলনামূলক পাতলা থাকে এবং স্বাভাবিকভাবে বের হতে সুবিধা হয়।
২. ঘরের বাতাসে আর্দ্রতা বজায় রাখুন
শীতের শুষ্ক বাতাস নাকের ভেতরের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। ফলে নাকের ভেতরে শুষ্কতা ও অস্বস্তি তৈরি হয়। ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। তবে যন্ত্রটি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
৩. স্যালাইন ন্যাসাল স্প্রে ব্যবহার করুন
নাকের ভেতর জমে থাকা ধুলাবালি, অ্যালার্জেন ও দূষিত কণা পরিষ্কার করতে স্যালাইন ন্যাসাল স্প্রে কিংবা নাক পরিষ্কারের রিন্স সহায়ক হতে পারে।
তবে নাক ধোয়ার ক্ষেত্রে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। এ জন্য জীবাণুমুক্ত পানি অথবা ফুটিয়ে ঠান্ডা করা পানি ব্যবহার করা জরুরি। সরাসরি কলের পানি ব্যবহার করা উচিত নয়।
৪. ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
বিছানার চাদর, পর্দা ও কার্পেটে ধুলাবালি এবং বিভিন্ন অ্যালার্জেন জমে থাকতে পারে। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। পাশাপাশি ঘরের কোথাও যেন স্যাঁতসেঁতে পরিবেশ বা ছত্রাক তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৫. দূষিত বাতাস থেকে দূরে থাকুন
বাইরে বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে উপযুক্ত সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করতে পারেন। যাদের নিয়মিত সাইনাসের সমস্যা হয়, তাদের ধোঁয়া ও ধুলাবালির সংস্পর্শ যতটা সম্ভব কমানো উচিত।
সাইনাসের সমস্যা বারবার দেখা দিলে কিংবা দীর্ঘদিন স্থায়ী হলে অবহেলা করা ঠিক নয়। কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এসব ক্ষেত্রে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি। কারণ ভাইরাসের সংক্রমণ, অ্যালার্জি ও সাইনাসের প্রদাহের চিকিৎসা এক রকম নয়। তাই নিজে থেকে ওষুধ ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
শীতের শুষ্ক আবহাওয়া, ঘরের ধুলাবালি এবং বায়ুদূষণ সাইনাসের অস্বস্তি বাড়াতে পারে। তাই নিয়মিত পানি পান, ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা, বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং দূষণ এড়িয়ে চলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
মনে রাখতে হবে, নাক বন্ধ কিংবা মাথা ভার লাগলেই সেটি সাইনাসের সমস্যা—এমন নয়। উপসর্গের ধরন ও স্থায়িত্ব বিবেচনা করে সঠিক কারণ নির্ণয় করাই সুস্থ থাকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |