বান্দরবানের রুমা উপজেলার বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের ত্রি-সীমান্তবর্তী এলাকা থেকে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুজন রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু ও শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার দুই ম্রো যুবকের সহযোগিতায় ছয়জনের একটি দল থানচি উপজেলা হয়ে তিন দেশের সীমান্তবর্তী ত্রি-পিলার এলাকায় যায়।
একপর্যায়ে দলটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে ত্রি-সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইনে প্রবেশ করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রুমা ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। ৬৩ ও ৬৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক আটজনের মধ্যে ছয়জন বিভিন্ন জেলার বাসিন্দা এবং দুজন বান্দরবানের স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্য।
তাদের পরিচয় হলো:
১. মো. আব্দুল আহাদ (২২), বারইহুদা গ্রাম, ঝিনাইদহ।
২. মো. হাসান সিহাব (২৮), নারুলি পশ্চিমপাড়া, বরগুনা।
৩. মো. নাহিদ হাসান আশিক (৩৩), খিলক্ষেত, ঢাকা।
৪. এস ইসলাম সোহেল (৩৮), পোস্তগোলা, ঢাকা।
৫. মো. হোসেন শরিফ (২৯), জিনাগড় গ্রাম, ভোলা।
৬. মো. মিনহাজুর রহমান সানি (২৬), উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
৭. লংওয়াং মুরং (২৫), স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্য।
৮. তনয় মুরং (৩০), স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্য।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় ছুরি, তাঁবু ও শুকনা খাবারসহ বিভিন্ন জিনিসপত্র।
তবে এসব সরঞ্জাম সঙ্গে নিয়ে তারা কী উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গিয়েছিলেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য জানায়নি বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
তিনি জানান, তিন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ম্রো সম্প্রদায়ের দুজনসহ মোট আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে সীমান্তের শূন্যরেখায় যাওয়ার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে।
বান্দরবানের দুর্গম ত্রি-সীমান্ত এলাকায় আট বাংলাদেশির আটকের ঘটনায় তাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |