| বঙ্গাব্দ

শুরুটা হতাশার হলেও হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 256216 বার পঠিত
শুরুটা হতাশার হলেও হৃদয়ের সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের
ছবির ক্যাপশন: সেঞ্চুরিতে দিনটা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান তুলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় দিনের শুরুটা বাংলাদেশের জন্য হতাশার হলেও, তাওহিদ হৃদয় ও লিটন দাসের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়িয়ে দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে সফরকারীরা। তবে দিনের শেষ বলে ব্যক্তিগত ১৩৭ রানে ফিরেছেন হৃদয়, আর ৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন লিটন কুমার দাস।

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। তবে কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই গালিতে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হলেন রবিন।

এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। তিনে নামা অধিনায়ক শান্তও রাবাদার ইনসুইংয়ে বিভ্রান্ত হয়ে ২৩ বলে ১২ রান করে বোল্ড হন।

শুরুর এই ধাক্কা সামাল দিয়ে দেখেশুনে খেলতে থাকেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করতে থাকেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ। দুজনের দায়িত্বশীল জুটিতে আসে মূল্যবান ৯৯ রান।

তানজিদের সামনে সেঞ্চুরির সুযোগ থাকলেও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ১০৮ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের বলেই শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ আবারও বিপাকে পড়ে।

তবে ষষ্ঠ উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন তাওহিদ হৃদয়। প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন হৃদয়। এই দুই ব্যাটার মিলে গড়েন অসাধারণ ২০৬ রানের জুটি। দলীয় স্কোর যখন বেশ শক্তিশালী, ঠিক তখনই দিনের শেষ বলে সাজঘরে ফেরেন হৃদয়। ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।

দিন শেষে ৯২ রান নিয়ে অপরাজিত রয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন কাগিসো রাবাদা, যিনি একাই শিকার করেছেন ৫টি উইকেট। বাকি একটি উইকেট নিয়েছেন মার্কো জানসেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency