| বঙ্গাব্দ

নওগাঁয় বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, খেলাধুলায় গুরুত্ব

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 10-11-2026 ইং
  • 7614 বার পঠিত
নওগাঁয় বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, খেলাধুলায় গুরুত্ব
ছবির ক্যাপশন: জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

স্বৈরাচারের বীজ বাংলাদেশে দেখতে চাই না: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলাদেশে দেখতে চান না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, সমাজের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের কিছু প্রেতাত্মা ছড়িয়ে রয়েছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার বিকালে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে পরিবেশিত হয় টুর্নামেন্টের থিম সং।

বক্তব্যে আমিনুল হক বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। যারা মনে করছেন, পালিয়ে যাওয়া নেত্রী আবার দেশে ফিরে আসবেন, তারা ভুল ধারণার মধ্যে রয়েছেন। বাংলাদেশের জনগণ তাকে আর মেনে নেবে না।

তিনি আরও বলেন, কোনো অন্যায়কারী কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে সরকার প্রশ্রয় দেবে না।

বিগত সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সে সময় অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব নিয়ে জীবন কাটাচ্ছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের শরীরে এখনো নির্যাতনের ক্ষতচিহ্ন রয়েছে। তাদের ওপর চালানো নিপীড়নের ঘটনা ভাষায় প্রকাশ করা কঠিন।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার

আগামী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে তরুণদের মননশীল, ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। খেলাধুলায় পেশাদারিত্ব নিশ্চিত করে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।

তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে রাষ্ট্রীয় সহায়তায় প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘নতুন কুঁড়ি’র প্রথম আসরে ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি করা হবে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে।

মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ছে

মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন খেলাধুলায় উল্লেখযোগ্যভাবে অংশ নিচ্ছে। সরকার আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে চায়।

তিনি বলেন, শিশু-কিশোরদের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সমাজকে শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রতিমন্ত্রী আরও জানান, খেলোয়াড়দের ক্যারিয়ার শেষ হওয়ার পর কর্মসংস্থানের বিষয়টিও সরকার বিবেচনায় রেখেছে। তাদের জন্য চাকরির ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

আগামী পাঁচ বছরে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে আগামী পাঁচ বছরের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন আমিনুল হক। তিনি বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে উপজেলাগুলোতে খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি দেশের সব ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সেগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে রানীনগর উপজেলা দল ২-১ গোলে মান্দা উপজেলা দলকে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক।

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌর প্রশাসক টি এম মুমিন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency