একই নাম ও ঠিকানার মিল থাকায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে গ্রেফতার হয়ে এক বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হয়েছে ঢাকার দোহারের মো. আলমাসকে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান আলমাস। তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় দুই যুগ আগে দায়ের করা একটি অস্ত্র মামলায় দণ্ডিত আসামি ভেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে পরিচালিত তদন্তে নিশ্চিত হয়, ওই মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি তিনি নন।
গত ৮ নভেম্বর আলমাসের করা রিট আবেদনের শুনানি শেষে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আলমাসের আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, বিনা দোষে এক বছরের বেশি সময় কারাভোগের কারণে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতোমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন রয়েছে। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের প্রশ্নটি আদালতে তুলে ধরা হবে।
আদালত সূত্রে জানা যায়, নিজের পরিচয়ের সঙ্গে প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম ও ঠিকানার মিল থাকায় ভুল করে গ্রেফতার করা হয়েছে—এমন অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন কারাবন্দি আলমাস।
গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা মো. আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলার প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
তদন্ত প্রতিবেদনে ভুল গ্রেফতারের পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
১. ঠিকানার মিল: গ্রেফতার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহারের দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির গ্রামের নাম পূর্ব ধোয়াইর। সেটিও একই ডাকঘরের আওতাধীন হওয়ায় ঠিকানার পরিচয়ে বিভ্রান্তি তৈরি হয়।
২. বাবার নামের সাদৃশ্য: প্রকৃত সাজাপ্রাপ্ত মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। অন্যদিকে গ্রেফতার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। দুই নামের মধ্যে সাদৃশ্য থাকায় পরিচয় শনাক্তের ক্ষেত্রে ভুল হওয়ার সুযোগ তৈরি হয়।
৩. মামলার নথিতে ভুল ঠিকানা: ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির গ্রামের নাম পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের রায় এবং গ্রেফতারি পরোয়ানাতেও একই ভুল ঠিকানা বহাল থাকে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য ও নথির অসংগতির কারণেই প্রকৃত আসামির পরিবর্তে নির্দোষ আলমাস গ্রেফতার হন।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ।
পরবর্তী সময়ে ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে মো. আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল আলম মামুনকে খালাস দেওয়া হয়েছিল।
রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। পরে ২০২৪ সালের মার্চে জারি করা পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকেই এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি ছিলেন তিনি।
হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
এর আগে ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল— বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নামের পাশাপাশি ঠিকানা ও বাবার নামের সাদৃশ্য এবং মামলার নথিতে ভুল তথ্যের কারণে এক বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে দোহারের মো. আলমাসকে। হাইকোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। তবে বিনা দোষে কারাবাসের জন্য ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |