| বঙ্গাব্দ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে নতুন পরিকল্পনা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 40250 বার পঠিত
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে নতুন পরিকল্পনা
ছবির ক্যাপশন: সংসদ ভবনে সোলার প্যানেল

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ে নতুন উদ্যোগ

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, বিদ্যুতের অপচয় রোধ এবং জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির দ্বিতীয় সভায় সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের জন্য পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যক্রম, ভবনের বায়ু চলাচল এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য একটি পূর্ণাঙ্গ ডিপিপি প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সংসদ ভবনে বিদ্যুতের অপচয় কমাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সুপারিশ করা হয়।

বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের জন্য সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়েছে।

সভায় সংসদ ভবনে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency