রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পাঁচ দফা দাবিতে আবারও অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। সোমবার সকাল থেকে চতুর্থ দফায় এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
সকালে সাজেকের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। টানা ১০ দিন কর্মসূচি পালনের পর ১১তম দিনে রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল করা হয়েছিল। এরপর সোমবার থেকে আবারও অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে ১১ ও ১৫ অক্টোবর আরও দুই দফায় কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জেএসএসের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।
দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন আন্দোলনকারীরা। এতে কর্মসূচির আওতামুক্ত যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকে।
আন্দোলনকারী সংগঠন দুটির নেতা বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা সম্ভব নয়।
দীর্ঘদিন ধরে অবরোধ চলায় সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কে যান চলাচল বন্ধ থাকায় চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও বিভিন্ন সামগ্রীর সংকট দেখা দিয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সড়কটিতে বড় ধরনের যানবাহন চলাচল করছে না। তবে মাঝে মাঝে কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সাজেকের পরিস্থিতি নিরসনে গত ২৬ অক্টোবর উজোবাজারে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
ওই বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হলেও মূল বিরোধের বিষয়টি নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনা অমীমাংসিত থেকে যায়। পরবর্তী সময়ে আলোচনার আশ্বাস দেওয়া হলেও নতুন কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি।
এদিকে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশনায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, অবরোধের পাশাপাশি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |