প্রতিবেদক: বুলবুল আহমেদ
মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অনৈতিক সুবিধা বা মাসোহারা না পেলেই সাংবাদিকদের একাংশ ‘পুলিশ অকার্যকর’ বলে সংবাদ প্রকাশ করেন বলে তীব্র সমালোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের বিষয়ে আইজিপি বলেন, পুলিশ কঠোর ভূমিকা পালন করলে বলা হয় ‘ফ্যাসিস্ট’ এবং নরম ভূমিকা রাখলে ‘দুর্বল’ বলে সমালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সবুজ সংকেত পেলে পুলিশ ক্রসফায়ার চালাতেও পিছপা হবে না উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে আইন প্রয়োগের যথাযথ সুযোগ ও ক্ষমতায়ন না দিলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। এ সময় যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিয়ে আইন অনুযায়ী দায়িত্ব পালনে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
মাদকের বিস্তার প্রসঙ্গে আইজিপি জানান, বিগত সরকারের আমলে পাড়া-মহল্লায় মাদকের ব্যাপক বিস্তার ঘটেছিল। তৎকালীন ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশের কিছু অসাধু সদস্যও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থেকে নিয়মিত মাসোহারা নিতেন। তবে বর্তমান পুলিশ বাহিনী নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, অপকর্মের দায়ে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ পুরোপুরি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী পুলিশের সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করে আইজিপি আরও বলেন, ওই সময়ে পুলিশ সদস্যরা রাজপথে দায়িত্ব পালন করতে ভয় পেতেন। চরম অনিশ্চয়তা ও সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |