| বঙ্গাব্দ

মোবাশ্বের আলমের বক্তব্য

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 01-11-2026 ইং
  • 23994 বার পঠিত
মোবাশ্বের আলমের বক্তব্য
ছবির ক্যাপশন: মেম্বার-চেয়ারম্যান প্রার্থী নিয়ে এমপি মোবাশ্বের আলমের বক্তব্য

মেম্বার-চেয়ারম্যান প্রার্থী নিয়ে এমপি মোবাশ্বের আলমের বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মোবাশ্বের আলম বলেন, মেম্বার ও চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সংসদ সদস্যের ভূমিকা থাকবে। তবে তিনি এককভাবে প্রার্থী নির্ধারণ করবেন না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘এমপি নির্বাচিত করবে, এমপি মনোনয়ন দেবে। তবে সে মনোনয়ন এমপি এককভাবে দেবে না। স্ব স্ব ইউনিয়নের নেতাদের নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-অন্ধ যাকে মনোনয়ন দেবে, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না।’

এ সময় আগামী পাঁচ বছর দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং না করার কথাও বলেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর কোনো গ্রুপিং চলবে না।’ বক্তব্যের একপর্যায়ে মেম্বার-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রসঙ্গ তুলে স্থানীয় সাবেক এক চেয়ারম্যানকে উদ্দেশ করে মন্তব্য করেন তিনি।

যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে মোবাশ্বের আলম বলেন, গত ১৬ বছর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাঁদের আন্দোলনের মধ্য দিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতৃত্বের ভূমিকার কারণেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ কারণে যুবদলের প্রতি তাঁর দায়বদ্ধতা বেশি। যুবদল জনগণের সঙ্গে তাঁর সেতুবন্ধন হিসেবেও কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া নুরুল ইসলাম সোহাগ, ডা. মাঈন উদ্দিন বাহার, জাফর সাদিক, জসিম উদ্দিন মজুমদার, আবু ইউসুফ হাসান মানিক ও আহসান উল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency