প্রতিবেদক: বুলবুল আহমেদ
যুবসমাজকে যেকোনো জাতির মূল প্রাণশক্তি ও সর্বমুখী অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের অবদান অনস্বীকার্য।
রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিতব্য ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনে যুবসমাজের বিপুল সম্ভাবনা প্রথম উপলব্ধি করে তাদের সুসংগঠিত করার যুগান্তকারী উদ্যোগ নেন। তাঁরই সুদূরপ্রসারী দিকনির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় (যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে) এবং তৃণমূল পর্যায়ে যুব কার্যক্রম ছড়িয়ে দিতে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সুদৃঢ় পদক্ষেণ নেন।
যুব উন্নয়ন ও স্টার্টআপ তহবিলের মাইলফলক প্রধানমন্ত্রী জানান, প্রতিষ্ঠার পর থেকে যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ তরুণ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন এবং বর্তমানে প্রতি মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, ক্ষেত্রবিশেষে তারচেয়েও বেশি আয় করছেন। এ ছাড়া যুব উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।
নতুন উদ্যোক্তা ও উদ্ভাবকদের বিকাশে সরকারের নেওয়া বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তরুণদের আধুনিক উদ্ভাবনী উদ্যোগে গতি আনতে সরকার ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে পর্যাপ্ত অর্থের অভাবে থমকে না যায়, সে লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো পৃথক স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তি ও এআই প্রশিক্ষণে জোর বর্তমান বিশ্বায়নের যুগে প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্রিল্যান্সিং বিষয়ে বৃহৎ প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। তরুণরা এসব প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রত্যক্ষ সুযোগ পাচ্ছেন।
তিনি স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং বিদেশি ভাষা শিক্ষার মতো সম্ভাবনাময় নতুন খাতে যুব প্রশিক্ষণ জোরদার করার আহ্বান জানান।
জাতি গঠনে অবদান রাখা আত্মকর্মী ও যুব সংগঠকদের জন্য জাতীয় যুব পুরস্কার প্রদানকে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী এ বছর পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী ও সংগঠক এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।
জাতীয় যুব দিবস-২০২৬-এর মূল প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, শক্তিশালী নেতৃত্ব প্রদান এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় দেশের তরুণ সমাজ ক্রমবর্ধমানভাবে কার্যকর ভূমিকা পালন করবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |