নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬
ভারতে ‘বাংলাদেশের মতো নৈরাজ্য’ সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর অনুসারীরা—এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর প্রকাশ করেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভান্ডারি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার একটি কথিত মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন নেহা বোরা।
বিজেপির এই মুখপাত্রের অভিযোগ, নেহা বোরার বক্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তাঁর উপস্থিতি ভারতে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার ইঙ্গিত দেয়। ভান্ডারির দাবি, কংগ্রেস ও রাহুল গান্ধীর অনুসারীরা এ ধরনের তৎপরতার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় পরিবর্তন আনতে চাইছেন।
ভান্ডারি আরও দাবি করেন, এক সাক্ষাৎকারে নেহা বোরা বলেছেন, তিনি বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত এবং বাংলাদেশে যা ঘটেছে, তা ভারতেও হওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো নেহা বোরার কথা হলেও রাহুল গান্ধীরই মতামত।’
বিজেপির এই নেতা অভিযোগ করেন, ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে, যার মূল লক্ষ্য ক্ষমতার পরিবর্তন। তাঁর ভাষ্য, এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখার সুযোগ নেই; বরং তিনি এগুলোকে নৈরাজ্যপূর্ণ মিছিল ও বিদ্রোহ হিসেবে আখ্যা দেন।
ভান্ডারির দাবি, রাহুল গান্ধী গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর পরিবর্তে নৈরাজ্যকে বৈধতা দিতে চাইছেন। এর মাধ্যমে ভারতের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির এই মুখপাত্র আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় ফিরতে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী কথিত ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর পরিবারকে আবারও ক্ষমতায় আনতে চাইছেন।
তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিজেপির এসব অভিযোগের বিষয়ে কংগ্রেস বা নেহা বোরার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |