প্রতিবেদক: বুলবুল আহমেদ
আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলতে নামছেন মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচটি কেবল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, বরং গোটা দেশ ও সতীর্থদের জন্য এক আবেগঘন মুহূর্ত। দেশের ফুটবলের জাদুকরের এই বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে কোনো কমতি রাখতে চান না বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দিবু মার্তিনেজ। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সে এই ম্যাচটা যতটা সম্ভব উপভোগ করতে পারে। আমরা তাকে ভালোবাসা ও চুম্বনে ভাসিয়ে দেব। আমরা তাকে সবসময় হাসিখুশি ও আনন্দে রাখতে চাই।”
মেসির সঙ্গে নিজের সখ্য ও তার পাশে থাকতে পারার গৌরব নিয়ে মার্তিনেজ আরও বলেন, “আমি সাধ্যমতো তাকে সবসময় সহায়তা করার চেষ্টা করেছি, সেও তা জানে। আমরা এ নিয়ে অনেক কথা বলি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে পাশে থাকতে পারা এবং সে যা সবচেয়ে বেশি চেয়েছিল (বিশ্বকাপ জয়)—সেটি অর্জনে তাকে সাহায্য করতে পারাটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় এক সম্মান। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমিও তার এই পথচলার অংশ হতে পেরেছি।”
ম্যাচের আগে মেসির সঙ্গে সময় কাটানোর বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন আর্জেন্টিনার এই নির্ভরযোগ্য গোলরক্ষক। দিবু জানান, মেসি দলের সঙ্গে যোগ দেওয়ার পর অনুশীলনকেন্দ্রে তাদের একটি জমজমাট বারবিকিউ আড্ডা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার মাঠে নামার আগে প্রিয় অধিনায়ককে মানসিকভাবে ফুরফুরে ও হাসিখুশি দেখতে চান তিনি।
এদিকে জাতীয় দলের ব্যস্ততার বাইরে নিজের জন্মশহর মার দেল প্লাতায় একদিন ফুটবল খেলার ইচ্ছের কথাও প্রকাশ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। শহরটিতে গেলেই সাধারণ মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব ভালোবাসা পান, তার কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, কোনো একদিন মার দেল প্লাতার মাটিতে প্রিয় সমর্থকদের সামনে খেলতে চান তিনি।
তবে তিনি জাতীয় দলের হয়ে সেই শহরে কোনো ফিফা ম্যাচ খেলতে চান, নাকি শৈশবের কোনো ক্লাবের জার্সিতে ফিরতে চান—তা স্পষ্ট করেননি। তবে আপাতত সব আলো কেড়ে নিয়েছে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের এই শেষ হোম ম্যাচটি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |