| বঙ্গাব্দ

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-10-2026 ইং
  • 8833 বার পঠিত
নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর
ছবির ক্যাপশন: ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ফিফা সভাপতি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে আরব ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে আনুষ্ঠানিকভাবে জোরালো সমর্থন জানিয়েছে ২২টি আরব ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশনস (ইউএএফএ)। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সংগঠনটির ৮১তম বোর্ড সভা শেষে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

ইউএএফএ জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক ও মহাদেশীয় ফুটবল সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে ফিফার সাম্প্রতিক উদ্যোগগুলোকে তারা সাধুবাদ জানায়। একই সঙ্গে ইনফান্তিনোর দূরদর্শী নেতৃত্বের কারণেই বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করে সংগঠনটি।

এর আগে গত আগস্টে কাতার ও ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ ছয়টি আরব দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানরা ইনফান্তিনোর পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে গত মঙ্গলবার আটটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী গালফ ফুটবল ফেডারেশনও তার প্রতি সমর্থন প্রকাশ করে।

তবে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের এই পুনর্নির্বাচন নিয়ে বিশ্ব ফুটবলে মিশ্র প্রতিক্রিয়া ও বিরোধিতাও রয়েছে। গত জুনে সমর্থন দেওয়ার পর গত জুলাই ও আগস্টে এসে সুইস ফুটবল অ্যাসোসিয়েশনসহ ইংল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ইতালি এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার নেতৃত্ব, পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। বিশেষ করে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার অংশীদারত্ব বিক্রির প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো।

সমালোচনার ঝড়ের মুখে ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠিয়ে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বাধীনভাবে পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো। আগামী ২০২৭ সালের মার্চ মাসে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চতুর্থ মেয়াদের এই নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী দেওয়ার জন্য আগামী ১৮ নভেম্বরের মধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফাসহ অন্যান্যপক্ষ নিজেদের প্রস্তুতি নিচ্ছ।


আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency