| বঙ্গাব্দ

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-09-2026 ইং
  • 22417 বার পঠিত
পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা
ছবির ক্যাপশন: মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

‘মেসিই ইতিহাসের সেরা ফুটবলার’: ফেলিপে মেলো

প্রতিবেদক: বুলবুল আহমেদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বিশ্ব ফুটবলে লিওনেল মেসির জয়জয়কার থামছে না। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ফুটবলার হওয়া সত্ত্বেও আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিলের সাবেক রাগী ও মারকুটে মিডফিল্ডার ফেলিপে মেলো। অকপটে তিনি স্বীকার করেছেন যে, তাঁর চোখে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আর্জেন্টিনার বুয়েনস আইরেসের উসিনা দেল আর্তেতে অনুষ্ঠিত ‘২০২৬ ওলে সামিট’-এর প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে নিজের বর্ণিল ক্যারিয়ার, ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান চিত্র এবং মেসি-রোনালদোকে নিয়ে খোলামেলা আলোচনা করেন বর্তমানে গ্লোবোর ফুটবল বিশ্লেষক ও ক্লাব মালিক মেলো।

মেসির প্রশংসায় ফেলিপে মেলো:

আর্জেন্টিনার প্রাণভোমরাকে নিয়ে কথা বলতে গিয়ে মেলো বলেন, মেসি যেখানেই যান, একটা বিশাল জনস্রোত ও উন্মাদনা তৈরি করেন। অতীতে ব্রাজিলে যেমন রোনালদো, নেইমার ও রোমারিওকে ঘিরে এমন উন্মাদনা দেখা গেছে, বর্তমানে সেটিই ‘মেসিয়ান চক্র’ হিসেবে বিশ্বজুড়ে বিরাজ করছে। অনেক ব্রাজিলিয়ানও যে মেসির জন্য আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ জিতুক তা চেয়েছিল, সে কথা স্বীকার করতে দ্বিধা করেননি এই সাবেক ব্রাজিলিয়ান তারকা।

পেলে বা ম্যারাডোনাকে মাঠে সরাসরি খেলার সুযোগ না পাওয়ার কথা উল্লেখ করে মেলো বলেন, “মেসি ইতিহাসের সেরা। আমি পেলেকে খেলতে দেখিনি, জিকোকেও দেখিনি। রোনালদো, রোনালদিনিও, ক্রিস্তিয়ানো রোনালদো, জিদান, নেইমার—অনেকেই আছেন। কিন্তু মেসিই ইতিহাসের সেরা।”

ক্রিস্তিয়ানো রোনালদোর পেশাদারিত্ব ও নিবেদনকেও গভীরভাবে সম্মান করেন মেলো। ৪১ বছর বয়সেও ১৮ বছরের যুবকের মতো ফিটনেস ধরে রাখায় রোনালদোকে এককথায় ‘দানব’ বলে আখ্যা দেন তিনি। তবে বর্তমান সময়ে রোনালদো ও মেসির খেলার ধরণ ও বয়সভিত্তিক প্রভাবের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ম্যাচ আটকে গেলে মেসি নিজে নিচে নেমে খেলা তৈরি করেন এবং সতীর্থদের দিয়ে গোল করান, যা তাঁকে সম্পূর্ণ একজন খেলোয়াড় হিসেবে অনন্য উচ্চতায় রেখেছে।

ব্রাজিলের বর্তমান দল ও কোচ আনচেলত্তি প্রসঙ্গে:

ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স নিয়ে দারুণ হতাশ মেলো। কোচ হিসেবে কার্লো আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা হওয়া সত্ত্বেও ইতালিয়ান কোচের কৌশল ও ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবলের ‘ডিএনএ’র মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রক্ষণাত্মক ও ভীতিপ্রদ ফুটবল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মেলো বলেন, ব্রাজিলের মতো দেশের কখনোই নরওয়ের মতো দলের বিপক্ষে খেলতে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে না।

নেইমার ও কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ স্বপ্ন:

নেইমার প্রসঙ্গে মেলো জানান, জাতীয় দলে ফেরা সম্পূর্ণ নির্ভর করছে এই ফরোয়ার্ডের নিজের ইচ্ছার ওপর। তাঁর সেই সামর্থ্য থাকলেও তাঁকে আগে মাঠে ফেরার প্রবল বাসনা থাকতে হবে।

খেলোয়াড়ি জীবন পেছনে ফেলে কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের সুদূর প্রসারী স্বপ্নের কথাও জানান মেলো। ভবিষ্যতে কোচ হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তাদোরেস এবং ফিফা বিশ্বকাপ জয়ের বড় লক্ষ্য রয়েছে তাঁর। এমনকি সুযোগ পেলে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের ডাগআউটে বসে সাহসী ও পেপ গার্দিওলার কৌশলগত দর্শনে উদ্বুদ্ধ একটি আক্রমণাত্মক দল গঠনের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency