প্রতিবেদক: বুলবুল আহমেদ
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও নিজের অর্জিত সাফল্য নিয়ে বিন্দুমাত্র অহংকার নেই এই ভারতীয় তারকার। সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, তিনি নিজেকে কখনোই সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করেন না।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৬২ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৮৫টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ৩৫৯ রান সংগ্রহ করেছেন কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য থাকা এই ব্যাটার সময়ের বিবর্তনে এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই নিয়মিত খেলছেন।
নিজের সর্বকালের সেরা হয়ে ওঠার বিতর্ক নিয়ে কোহলি বলেন, ‘আমি নিজেকে সর্বকালের সেরা বলে মনে করি না। বিভিন্ন সময়ে বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড় এসেছেন। তাঁদের সবার অসাধারণ সব কীর্তি ও অর্জন রয়েছে। হয়তো অনেকের আমার মতো পরিসংখ্যান নেই, আবার কারও কারও পরিসংখ্যান আমার চেয়েও ভালো। এসব পরিসংখ্যান বাদ দিলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কেউ মাঠে নেমে কতটা প্রভাব তৈরি করতে পেরেছে।’
১৯ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এবং এখনো খেলাটি গভীরভাবে উপভোগ করছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এত বছর ধরে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারা আমার জন্য সৌভাগ্য। এত দীর্ঘ সময় ধরে ভালো খেলার জন্য মানসিক অনুপ্রেরণা ধরে রাখাটা জরুরি। আর অনুপ্রাণিত থাকতে পারলে বেশির ভাগ সময় ভালো পারফর্ম করা যায়।’
দলের স্বার্থ ও নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোহলি যোগ করেন, ‘আমাদের আসল লক্ষ্য থাকে দলের সাফল্যে এবং সামগ্রিক উন্নতিতে অবদান রাখা। দলকে কাঙ্ক্ষিত জয়ের দিকে এগিয়ে নেওয়া। যতক্ষণ পর্যন্ত ফিটনেস, অভিজ্ঞতা, খেলা সম্পর্কে সঠিক ধারণা এবং খেলার প্রতি ভালোবাসা ও অনুপ্রেরণা ঠিক থাকে, ততক্ষণ সবকিছুই উপভোগ্য হয়। দেশের হয়ে মাঠে নামলে আজও আমার রোমাঞ্চ কাজ করে, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।’
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |