জাতীয় ও যোগাযোগ ডেস্ক | ২৪ মে, ২০২৬ প্রতিবেদক: বিডিএস বুুলবুল আহমেদ
ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে।
এরই মধ্যে রোববার (২৪ মে, ২০২৬) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকাতে দেওয়ার কারণে একটি ট্রেনের চাকা পিছলে (স্লিপ) গিয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত কারণে সকালে তিনটি ট্রেনের শিডিউল বিপর্যয় বা বিলম্ব ঘটেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী মানুষের বাড়িত চাপ থাকলেও বড় ধরনের কোনো দুর্ঘটনার বা বিপর্যয়ের শঙ্কা নেই। ১৯৩০, ১৯৪০ ও ১৯৪৫ সালের পুরোনো রেললাইন এবং সীমিত লোকোমোটিভ (রেল ইঞ্জিন) ও কোচ নিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবারের ঈদযাত্রা পরিচালনা করা হচ্ছে।
চাহিদা ও সক্ষমতার ঘাটতি স্বীকার করে মন্ত্রী বলেন:
“ঈদযাত্রায় ট্রেনের টিকিটের প্রচুর চাহিদা থাকে। সাধারণ সময়ে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হলেও, ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট ইস্যু করে এখন দৈনিক প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।”
সকালে কয়েকটি ট্রেন বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, তিনটি ট্রেন কিছুটা দেরিতে চলেছে। মূলত একটি লাইনের ওপর মাইলের পর মাইল জুড়ে ধানের খড় শুকাতে দেওয়া হয়েছিল। সেখানে ট্রেনের চাকা স্লিপ করায় ইঞ্জিন ও অতিরিক্ত কর্মী পাঠিয়ে লাইন সচল করতে হয়েছে। এর ফলে একটি ট্রেন ২০ মিনিট, একটি এক ঘণ্টা এবং আরেকটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হতে পারে।
পরদিনের শিডিউলে এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকের মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় স্পেয়ার লোকোমোটিভ ও অতিরিক্ত সক্ষমতা সেখানে শিফট করা হয়েছে। তবে রেললাইনের ওপর থেকে খড় সরাতে গেলে অনেক সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয় এবং সব স্টেশন পুরোপুরি সুরক্ষিত বা প্রবেশ নিয়ন্ত্রিত না হওয়ায় এই জটিলতা তৈরি হচ্ছে।
রেলমন্ত্রী দাবি করেন, টিকিট কালোবাজারি বা সিন্ডিকেট রুখে অনলাইনে স্বচ্ছতার সঙ্গে টিকিট দেওয়ায় রেলের সার্বিক পরিবেশ ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে।
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রেলের বিশেষ প্রস্তুতির তথ্য জানিয়ে মন্ত্রী বলেন:
আগামীকাল (২৫ মে) থেকে ঈদযাত্রীদের জন্য ৫ জোড়া বিশেষ ট্রেন চালু হবে।
কোরবানির পশু নির্বিঘ্নে পরিবহনের জন্য ৩টি ক্যাটল ট্রেন পরিচালনা করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নতুন করে ৫১টি কোচ যুক্ত করা হয়েছে।
বর্তমানে ৮২ থেকে ৮৩টি লোকোমোটিভ সচল আছে, যা বাড়িয়ে ৮৬টি করার চেষ্টা চলছে।
ঝুঁকিপূর্ণ বা দুর্ঘটনাপ্রবণ লাইনগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রণালয় মিডিয়া উইং: ২৪ মে, ২০২৬ তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশনে সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলমের অফিশিয়াল ব্রিফিং ও বক্তব্য।
কমলাপুর স্টেশন মাস্টার দফতর: ঈদযাত্রার সমসাময়িক শিডিউল, অতিরিক্ত যাত্রী পরিবহন ও ট্রেন বিলম্বের অফিশিয়াল রেকর্ড বুক।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |