নিউজ ডেস্ক | ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে (ঢাকা-১৫ আসন) চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচনি প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) দিবাগত মধ্যরাতে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন:
"ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। আশা করতে চাই, শুভ বুদ্ধির উদয় হবে।"
উল্লেখ্য, ঢাকা-১৫ আসন থেকে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর বিপরীতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগের আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়:
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচনি প্রচারপত্র (লিফলেট) বিতরণ করছিলেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ‘নির্বাচনি প্রচারের সময় এখনো শুরু হয়নি’ দাবি করে তাতে বাধা দেন।
বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এতে জামায়াতের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত পীরেরবাগ এলাকায় পৌঁছায় সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের বিপুল সংখ্যক সদস্য। পরে উভয় দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও বিএনপি আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ায় বিভিন্ন আসনে দুই দলের মধ্যে স্নায়ুযুদ্ধ লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতা এই আসনটিকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। গত ১৬ জানুয়ারি জামায়াতের পক্ষ থেকে ২৫০ আসনে নির্বাচনি ঐক্যের কথা বলা হলেও, ঢাকা-১৫ এর মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দুই দলের দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্যে ফাটল ধরাচ্ছে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |