| বঙ্গাব্দ

বিজিবির বিরুদ্ধে নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে বাহিনীর প্রতিবাদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 02-10-2026 ইং
  • 4116 বার পঠিত
বিজিবির বিরুদ্ধে নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে বাহিনীর প্রতিবাদ
ছবির ক্যাপশন: সংগৃহীত

বিজিবির বিরুদ্ধে নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে বাহিনীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি নিয়ে নেত্র নিউজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘জুলাই অনুসন্ধান: জেনারেলের দায়মুক্তি’ শিরোনামের একটি প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেদনে বাহিনী ও এর মহাপরিচালককে ঘিরে গুরুতর বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিজিবির গুলিতে ৮৬ জন নিহত হওয়ার দাবি, বিভিন্ন স্থানে নির্বিচারে গুলিবর্ষণ এবং ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার মতো বিষয় রয়েছে।

তবে বিজিবির দাবি, এসব অভিযোগ এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সেগুলো ইতোমধ্যে বিচারিকভাবে প্রমাণিত। বাহিনীটি এ ধরনের উপস্থাপনাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বিজিবি বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া প্রাণহানির প্রতিটি ঘটনাই দুঃখজনক এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণের ক্ষেত্রে অভিযোগ, প্রমাণ এবং আদালতে প্রতিষ্ঠিত সত্যের মধ্যে পার্থক্য রাখা জরুরি।

বাহিনীর বক্তব্য অনুযায়ী, নেত্র নিউজের প্রতিবেদনে বিজিবির মহাপরিচালকের কোনো নির্দিষ্ট নির্দেশ কীভাবে, কোন মাধ্যমে এবং কোন নির্দিষ্ট মৃত্যুর ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত—সে বিষয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিজিবির অভিযোগ, এই কার্যকারণ সম্পর্ক স্পষ্টভাবে প্রতিষ্ঠা না করেই বিভিন্ন ঘটনা, নির্বাচিত সাক্ষ্য, ছবি এবং চলমান তদন্ত বা অভিযোগকে ধারাবাহিকভাবে উপস্থাপন করে মহাপরিচালককে ব্যক্তিগতভাবে দায়ী করার একটি ধারণা তৈরি করা হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে একই বক্তব্য ও দৃশ্য একাধিকবার ব্যবহারের মাধ্যমে ওই ধারণাকে আরও জোরালো করা হয়েছে বলেও দাবি করেছে বিজিবি। বাহিনীটির ভাষ্য, দীর্ঘ ওই প্রতিবেদনে নতুন কোনো তথ্য, উপাত্ত বা প্রমাণ উপস্থাপন করা হয়নি; বরং বিভিন্ন গণমাধ্যমে আগে প্রকাশিত ফুটেজ একত্র করে একটি নির্দিষ্ট বয়ান তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটি নিয়ে বিজিবির পক্ষ থেকে আরও বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে। সেখানে বাহিনীটি তাদের আপত্তি ও অবস্থান তুলে ধরেছে।

সূত্র: বিজিবি

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency