“স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী: শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ৪ দেশকে তদন্তে আমন্ত্রণ”
📝 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, "এ অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটি খতিয়ে দেখতে এই দেশগুলোর বিশেষজ্ঞরা আসবেন এবং তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।"
শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে।" তিনি আরও জানান, "এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ফায়ার ব্রিগেডের ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আসে।"
উপদেষ্টা বলেন, "আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।" তবে ফায়ার সার্ভিসের কার্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণে তাদের অবদানের প্রশংসা করেছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তিনি এছাড়া রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকারের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।
ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই। যেমন আমরা বাসায় যে পোশাক পরি, তা প্রয়োজনে আত্মীয়ের বাড়িতেও যাওয়া যায়।"
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |