অভ্র’র জন্য একুশে পদক পাচ্ছে পুরো দল: উপদেষ্টা ফারুকী
মেহদী হাসান খান একা পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না হওয়ায় ‘অভ্র’ কী-বোর্ডের জন্য একুশে পদক দেওয়া হবে পুরো দলকে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফারুকী লিখেছেন, "আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী নন। আগেও তাকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি পুরস্কার গ্রহণ করবেন না জেনেও আমরা একুশে পদক ঘোষণা করি, কারণ আমরা বার্তা দিতে চেয়েছি কাদের সেলিব্রেট করবো।"
তিনি আরও জানান, "শেষ পর্যন্ত মেহদী হাসান খান পুরস্কার গ্রহণে সম্মত হন, তবে একা নয়। তিনি চান তার তিন সহযোগী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাও এই সম্মাননা পান, কারণ তারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, অভ্র’র জন্য দলগতভাবে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারজনই পুরস্কার গ্রহণের জন্য বাংলাদেশে আসছেন। আশা করি, এটি তরুণদের অনুপ্রাণিত করবে একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য।"
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মেহদী হাসান খানের একুশে পদক পাওয়ার বিষয়টি জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে, ২০১১ সালে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ‘অভ্র’ তৈরির স্বীকৃতি হিসেবে মেহদী হাসান খান বেসিস পুরস্কার পান।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |