নাটোরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া
নাটোর প্রতিনিধি | ৯ মে ২০২৫, রাত ১০:৪২
নাটোরের সিংড়া উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মকছেদ হাজী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভোগা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মকছেদ হাজী ওই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পাশেই একটি পুকুরে পানি সেচের জন্য আগে থেকেই একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা ছিল। পুকুরে পানি দিতে মকছেদ হাজী সন্ধ্যার দিকে মোটর চালাতে যান। কিন্তু দীর্ঘদিন ধরে ওই মোটরের সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক লাইনের বাঁশের খুঁটি ভেঙে ছিল এবং বৈদ্যুতিক তার ঝুলে ছিল নিচে।
পুকুরপাড়ে মোটরের সুইচ চাপতে গেলে অসাবধানতাবশত সেই ঝুলে থাকা বিদ্যুতের তার তার শরীরে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশে থাকা স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, মকছেদ হাজী একজন সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছিলাম। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
বিদ্যুৎ বিভাগের অবহেলা ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |