| বঙ্গাব্দ

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-05-2025 ইং
  • 6153373 বার পঠিত
গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
ছবির ক্যাপশন: গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িতে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধায় জামায়াত নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামে এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাহাঙ্গীর আলমের পরিবার। জাহাঙ্গীর আলম জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট নেতা হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া লিখিত বক্তব্যে বলেন, "২৮ এপ্রিল রাতের আঁধারে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব বিরোধের জেরে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমাদের বাড়িতে হামলা চালায়।"
তিনি অভিযোগ করেন, জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া ও মোকাব্বর মিয়াসহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করা হয়।

ইমরান জানান, হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি ঘর, আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং একটি গরু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

তার দাবি, পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়ার বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, "জাহাঙ্গীর মিয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency