| বঙ্গাব্দ

সাবেক সামরিক সচিব ও এমপি সালাহ উদ্দিন মিয়াজী জামিনে মুক্ত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 01-05-2025 ইং
  • 5651942 বার পঠিত
সাবেক সামরিক সচিব ও এমপি সালাহ উদ্দিন মিয়াজী জামিনে মুক্ত
ছবির ক্যাপশন: সাবেক সামরিক সচিব ও এমপি সালাহ উদ্দিন মিয়াজী জামিনে মুক্ত

সাবেক সামরিক সচিব ও এমপি সালাহ উদ্দিন মিয়াজী জামিনে মুক্ত

ঝিনাইদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক এমরান হোসেন চৌধুরী সালাহ উদ্দিন মিয়াজীর জামিন মঞ্জুর করলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিয়ূর রহমান জানান, বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং সরকারি হাসপাতালের দেওয়া মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আদালত তাকে জামিন দেন। তিনি আরও জানান, মিয়াজীর নামে দেশের কোনো থানায় সরাসরি মামলা নেই। এমনকি দীর্ঘ দুই মাস কারাবন্দি থাকার পরও তার বিরুদ্ধে পুলিশ বা তার নির্বাচনী এলাকার কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরে নিজের রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। ওই রাতেই তাকে বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখন জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তাকে ঐ মামলায় দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়।

তবে মামলার তদন্তে তার বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এবং দীর্ঘদিন তদন্ত চললেও নতুন কোনো তথ্য উপস্থাপন করতে না পারায় আদালত জামিন মঞ্জুর করেন।

সালাহ উদ্দিন মিয়াজী ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, অভিযোগ প্রমাণ না হওয়া সত্ত্বেও একজন প্রবীণ সাবেক সেনা কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে এভাবে গ্রেফতার ও আটক রাখার বিষয়টি প্রশ্নবিদ্ধ। অন্যদিকে, তার মুক্তিতে পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency